ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাজি আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট, পণ্ড বাল্যবিয়ে

কাজি আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট, পণ্ড বাল্যবিয়ে
×

ছবি: সমকাল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২২:৪৬

টিনশেড ঘরের একটি কক্ষে মাদ্রাসায় দশম শ্রেণিপড়ুয়া কিশোরীর গায়ে বধূর সাজ পরিয়ে দিচ্ছিলেন স্বজনরা। পাশেই অপর কক্ষে বরের বেশে এসএসসি পরীক্ষার্থী কিশোর। কাজির অপেক্ষায় তার সঙ্গে বসেছিলেন বরপক্ষের লোকজন। বাইরে বিয়ের রান্না চলছে পুরোদমে। এসব নিয়ে ব্যস্ততা চলছিল বাড়ির লোকজনের। এ সময় আকস্মিক পুলিশ নিয়ে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

প্রশাসনের উপস্থিতি টের পেয়েই সটকে পড়েন বর-কনের মা-বাবা, বরযাত্রী ও স্বজনরা। পণ্ড হয়ে যায় বাল্যবিয়ের আসরটি। পরবর্তী সময়ে স্বজনের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এই যুগলের বিয়ে না দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি আদায় করেন প্রশাসনের কর্মকর্তারা।

গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দবন গ্রামে ঘটে এই ঘটনা। স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কনে একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। বর একই প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বছর দেড়েক আগে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিয়ে না দিলে অভিভাবকদের কাছে দুজনই আত্মহত্যার হুমকি দেয়। অনেকটা বাধ্য হয়েই অভিভাবকরা এই বাল্যবিয়ের আয়োজন করেন। তবে কাজি আসার আগে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পণ্ড হয়ে যায় বিয়েটি।

মেয়েটির বাবা বলেন, একই প্রতিষ্ঠানে পড়াশোনার সুবাদে ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা আত্মহত্যার হুমকি দিলে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়েছে। প্রাপ্তবয়স্ক না হলে আর বিয়ে দেওয়া হবে না।

কুমারখালীর ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, গোপনে তথ্য পেয়ে অভিযান চালিয়ে বাল্যবিয়ের আসর পণ্ড করে কড়া সতর্ক করা হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে হবে না– এই মর্মে স্বীকারোক্তি নিয়ে স্বজনদের কাছে ছেলেমেয়েকে হস্তান্তর করা হয়। বাল্যবিয়ের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

আরও পড়ুন

×