ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

৫ বছর বা তার বেশি শাস্তির মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

৫ বছর বা তার বেশি শাস্তির মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪৯

কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য মাদক মামলার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকাসহ ১০ জেলায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার জন্য একটি জেলা ট্রাইব্যুনালের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার জন্য চারটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এগুলো হলো- মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকা মহানগর-১, ঢাকা মহানগর-২, ঢাকা মহানগর-৩ ও ঢাকা মহানগর-৪।

এর মধ্যে পল্লবী, কাফরুল ও মিরপুরসহ কয়েকটি এলাকার মামলা ঢাকা মহানগর-১ ট্রাইব্যুনালে; কলাবাগান ও ধানমন্ডিসহ কয়েকটি এলাকার মামলা ঢাকা মহানগর-২ ট্রাইব্যুনালে; মতিঝিলসহ কয়েকটি এলাকার মামলা ঢাকা মহানগর-৩ ট্রাইব্যুনালে এবং উত্তরাসহ কয়েকটি এলাকার মামলা ঢাকা মহানগর-৪ ট্রাইব্যুনালে বিচার হবে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, দিনাজপুর ও যশোরসহ মোট ১০ জেলায় এক বা একাধিক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

৬০ দিনের মধ্যে মামলা স্থানান্তর
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে সংশ্লিষ্ট নতুন ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে।

মামলা যে পর্যায়ে স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকেই নতুন ট্রাইব্যুনালে পরবর্তী বিচারকাজ পরিচালিত হবে।

নতুন ট্রাইব্যুনালগুলো গঠনের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন গুরুতর অপরাধের মামলাগুলো নির্দিষ্ট আদালতে বিচার করার সুযোগ তৈরি হলো।

আরও পড়ুন

×