ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না

হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না
×
×

সুপ্রিম কোর্ট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৯:২৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১৯:৩২

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা আদায়ে হাই কোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

গ্রামীণ কল্যাণের পক্ষে করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রোববার এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৩ ডিসেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন। এদিন গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

আদেশের পর তিনি সমকালকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। হাইকোর্টের রায়টা সঠিক কি বেঠিক, এটা নির্ধারণ করবেন আপিল বিভাগ। শুনানিতে রায়ের যথার্থতা নির্ধারণের আগে কর আদায়ের জন্য এনবিআরকে দেওয়া অতিরিক্ত নির্দেশ স্থগিত চেয়েছিলেন। আদালত তা আমলে নিয়ে এই স্থগিতাদেশ দিয়েছেন। আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ কর আদায়ের নির্দেশনা স্থগিত থাকবে। 

১০ সেপ্টেম্বর হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট খারিজ করে রায় দেন। এরপর ১২ অক্টোবর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত এনবিআরকে ডিমান্ড নোটিশ জারি করে অবিলম্বে বকেয়া কর আদায়ের নির্দেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ আজাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২-১৩ করবর্ষে ১৮৯ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৪৬৬ টাকা, ২০১৩-১৪ করবর্ষে ১৩২ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ১২ টাকা, ২০১৪-১৫ করবর্ষে ১১৪ কোটি ২ লাখ ৮২ হাজার ৫৭৪ টাকা, ২০১৫-১৬ করবর্ষে ১১৫ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৬২৫ টাকা এবং ২০১৬-১৭ করবর্ষে ১১৫ কোটি ৬৩ লাখ ১ হাজার ৬৯৩ টাকাসহ মোট পাঁচ করবর্ষে এই কর দাবি করা হয়েছে।

আরও পড়ুন

×