লকডাউনের পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী করবেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০০:০৩ | আপডেট: ০২ জুন ২০২০ | ০০:০৮
দীর্ঘদিন লকডাউন থাকার পর ধীরে ধীরে খুলছে অফিস। চালু হয়েছে গণ পরিবহন। তবে কমেনি করোনার সংক্রমণ। এসময় বাইরে বের হলে সবাইকে মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । তবে এর পাশপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যাপারেও জোর দিয়েছেন তারা। বিশেষ করে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ , কোলেস্টেরল, হৃদরোগসহ নানা ধরনের শারীরিক জটিলতা আছে তাদের এ সময় বেশি সতর্কতা থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
রোগ প্রতিরোধ বাড়াতে বিশেষ কিছু খাবারের ব্যাপারে জোর দিয়েছেন আয়ুর্বেদ চিকিৎসকরা। তারা বলছেন, চিকিৎসকের পরামর্শে ভিটামিন সি, ডি সাপ্লিমেন্ট গ্রহণ করার পাশাপাশি বিশেষ কিছু খাবার দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা উচিত। তাদের ভাষায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন ঘরে তৈরি কম তেলে বানানো সুষম খাবার খাওয়ার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে একটি বিশেষ পানীয়, সকালে খালি পেটে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। তবে এর আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। কারণ অনেকেরেই বিভিন্ন ধরনের ভেষজ উপাদানে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।
কীভাবে বানাবেন পানীয়টি
সারা রাত ভিজিয়ে রাখা ১০টি কাজু বাদাম ও ৫টি খেজুরের সঙ্গে আধ চামচ কাঁচা হলুদ বাটা, এক চিমটি এলাচ গুঁড়ো, এক চা চামচ ঘি ও এক কাপ দুধ মেশান। মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন৷ আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, এই মিশ্রণটি
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। সেই সঙ্গে চেহারায় উজ্জ্বলতা আনবে। এছাড়াও মিশ্রণটি খেলে আরও যেসব উপকার পাওয়া যাবে-
১. কাজু বাদামে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন বি২ এবং ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফসফরাসের মতো উপকারী খনিজ আছে। নিয়মিত এই বাদাম খেলে কোষের ক্ষতির হার কমে যায়৷ এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,কোলেস্টেরল, হৃদরোগ, মানসিক অবসাদের মতো নানা ধরনের সমস্যা কমে।
২. খেজুরে ক্যালসিয়াম, ভিটামিন বি ৬, প্রোটিন, ফাইবার, আয়রন ও আরও নানা রকম খনিজ রয়েছে৷ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতির হার কমিয়ে সব ধরনের ক্রনিক অসুখের প্রবণতা হ্রাস করে৷ সেই সঙ্গে মস্তিষ্ক ও হাড়ের স্বাস্থ্যও ভালো রাখে।
৩. হলুদ থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহের প্রবণতা কমায়।
৪. এলাচও প্রদাহের প্রবণতা কমায়৷ সেই সঙ্গে শ্বাসপ্রশ্বাসে সহায়তা করে।
৫. শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে দিনে এক চমচ ঘি খেতে পারেন। মাত্রা রেখে খেলে এটি ওজনও কমাতেও সাহায্য করে ৷
৬. মধু শরীরে শক্তি জোগায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে।
সুষম খাবার, ভেষজ উপাদান গ্রহণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত হালকো ব্যায়ামেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।