চুল বাঁচাতে বাড়িতেই বানান ঘরোয়া শ্যাম্পু
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১৪:০৭
আজকাল অনেকেই অল্প বয়সে চুল পড়া বা চুল পাকা সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাসের অনিয়ম, প্রোটিনের অভাব আর অত্যাধিক মানসিক চাপের কারণেই এ সমস্যা বাড়ছে । আবার থাইরয়েড হরমোনের সমস্যার পাশাপাশি স্টাইলিংয়ের জন্য ব্যবহৃত হিটিং টুলসও চুলের সমস্যা বাড়িয়ে দিচ্ছে। এই সব সমস্যা থেকে মুক্তি বাড়িতে থাকা কিছু উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিকভাবে শক্তিশালী এক ভেষজ শ্যাম্পু।
যা যা প্রয়োজন
আমলকী, রিঠা ও শিকাকাই: চুলের গোড়া মজবুত করতে এবং প্রাকৃতিকভাবে ময়লা পরিষ্কার করতে এসব উপাদান খুবই কার্যকর।
মেথি: চুল পড়া বন্ধ করতে আর গোড়ায় পুষ্টি জোগাতে মেথি খুবই উপকারী।
জবা ফুল বা পাউডার: জবা ফুল বা পাউডার চুলকে কন্ডিশনিং করে রেশমের মতো নরম রাখে।
অ্যালোভেরা জেল: প্রাকৃতিক এই উপাদানটি মাথার ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং খুশকি দূর করে।
হলুদ গুঁড়ো: অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে সংক্রমণের হাত থেকে মাথাকে রক্ষা করে।
বানানোর পদ্ধতি ও ব্যবহার
প্রথমে আমলকী, শিকাকাই, রিঠা, জবা এবং মেথি একসাথে এক মগ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সারারাত ভেজানোর ফলে উপকরণের সমস্ত ভেষজ গুণ পানির সাথে মিশে যায়। পরের দিন সকালে এই মিশ্রণটি ৫-৭ মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। পানি ফুটে উঠলে এর আয়ুর্বেদিক গুণাগুণ আরও সক্রিয় হয়ে ওঠে। এরপর আঁচ বন্ধ করে পানি ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলে ভালো করে ছেঁকে নিয়ে তাতে অ্যালোভেরা জেল আর সামান্য হলুদ মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল কেমিক্যাল-মুক্ত ঘরোয়া শ্যাম্পু।
ব্যবহারের নিয়ম: সাধারণ শ্যাম্পুর মতোই এটি চুলে ও মাথার ত্বকে মেখে হালকা হাতে মাসাজ করতে হবে। রিঠা থাকার কারণে এতে প্রাকৃতিক ফেনা হয়, যা চুলের তেলতেলে ভাব দ্রুত কাটিয়ে দেয়। ২-৩ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত দুই-তিন দিন এটি ব্যবহার করলে পার্থক্যটা বুঝতে পারা যায়।
প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহারের উপকারিতা
বাজারে পাওয়া বিভিন্ন শ্যাম্পুতে প্রচুর পরিমাণে সালফেট আর প্যারাবেন থাকে, যা সাময়িকভাবে চুল পরিষ্কার দেখালেও দীর্ঘমেয়াদী ক্ষতি করে। অন্যদিকে, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমলকী ও শিকাকাইয়ের প্রাকৃতিক ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট চুলের ফলিকলকে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে। এটি নিয়মিত ব্যবহার করলে চুল শুধু সিল্কি হয় না, বরং নতুন চুল গজাতেও সাহায্য করে।
- বিষয় :
- চুলের যত্ন
