না ধুয়ে জিন্স সতেজ রাখবেন যেভাবে
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৬:৪৫ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১৭:১২
পুরুষেরা প্রতিদিনই জিন্সের প্যান্ট ব্যবহার করেন। অনেক নারীও জিন্সের প্যান্ট-টপস পরেন। জিন্স মূলত তৈরি হয় অত্যন্ত শক্ত ও টেকসই সুতার বুনন বা ডেনিম ফ্যাব্রিক দিয়ে। সাধারণ সুতি কাপড়ের মতো এটি দ্রুত নষ্ট হয় না। কিন্তু এই প্যান্ট বারবার ধুলে তার আয়ু কমে যায় এবং ফ্যাব্রিক আলগা হয়ে ফিটিংস নষ্ট হয়ে যায়। টেক্সটাইল বিশেষজ্ঞ এবং চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ডেনিম বা জিন্স কত দিন পর পর কাচবেন, তা নির্ভর করে ব্যবহারের ধরণ এবং আবহাওয়ার ওপর। তবে ব্যবহারের পর কিছু টিপস মানলে কাচা ছাড়াই জিন্স সতেজ রাখা যায়, এমনটাই বলা হয়েছে 'হিন্দুস্থান টাইমস'-এর এক প্রতিবেদনে।
রোদে দেওয়া: প্রতিবার পরার পর জিন্সটি ধুয়ে না ফেলে বারান্দায় বা ঘরের কড়া বাতাসে উল্টো করে ঝুলিয়ে রাখুন। সূর্যের আলো ও বাতাস এর ভেতরের আর্দ্রতা ও হালকা গন্ধ দূর করবে।
ফ্রিজিং পদ্ধতি: অদ্ভুত শোনালেও জিন্স ভালো রাখার একটি চমৎকার উপায় হলো ফ্রিজে রাখা। জিন্সটি একটি জিপলক ব্যাগে ভরে সারারাত ফ্রিজের ফ্রিজারে রেখে দিন। চরম ঠান্ডায় এর ভেতরের সমস্ত গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মারা যাবে এবং কাপড়ের রঙও নষ্ট হবে না।
স্পট ক্লিনিং: জিন্সের কোনো নির্দিষ্ট অংশে কাদা বা তরল খাবারের দাগ লাগলে পুরো প্যান্টটি না কেচে শুধু সেই অংশটি টুথব্রাশ এবং মৃদু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিন।
ধোওয়ার সঠিক পদ্ধতি
যখন জিন্স কাচবেন, তখন সবসময় প্যান্টটি উল্টো করে নিন। ওয়াশিং মেশিনে কাচলে 'জেন্টল মোড' ব্যবহার করুন এবং কখনো গরম পানি ব্যবহার করবেন না। ঠাণ্ডা পানিতে মৃদু তরল ডিটারজেন্ট দিয়ে কাচলে জিন্সের আয়ু বেশি থাকে।
জীবাণু বা ব্যাকটেরিয়ার ভয় কতটা?
অনেকের ধারণা, দীর্ঘদিন জিন্স না কাচলে তাতে ক্ষতিকর জীবাণু বাসা বাঁধতে পারে। তবে কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, একটি জিন্স ২ দিন না কাচলে তাতে যত ব্যাকটেরিয়া থাকে, ১৫ মাস না কাচলেও ব্যাকটেরিয়ার সংখ্যা প্রায় একই থাকে। মানুষের শরীরের মৃত চামড়া থেকেই এই ব্যাকটেরিয়া তৈরি হয়, যা সাধারণত ক্ষতিকর নয়। তবে জিন্স থেকে যদি কোনো ধরণের দুর্গন্ধ বের হতে শুরু করে, তবে বুঝতে হবে এটি কাচার সময় হয়েছে।
১০ থেকে ১২ বার পরার পর ধোওয়া শ্রেয়
আন্তর্জাতিক ফ্যাব্রিক বিশেষজ্ঞদের মতে, একটি জিন্স প্যান্ট অন্তত ১০ থেকে ১২ বার পরার পর কাচা উচিত। যদি আপনি প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টার জন্য জিন্স পরেন এবং তাতে কোনো দৃশ্যমান কাদা বা দাগ না লাগে, তবে তা দ্রুত ধুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। বারবার ধুলে জিন্সের আসল নীল রঙ ম্লান হতে শুরু করে এবং ডেনিমের শক্ত বাঁধন দুর্বল হয়ে পড়ে।
- বিষয় :
- টিপস
