ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কতদিন পর পর থালা বাসন মাজার স্পঞ্জ পরিবর্তন করবেন 

কতদিন পর পর থালা বাসন মাজার স্পঞ্জ পরিবর্তন করবেন 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৩:২০ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৩:২২

কমবেশি সব বাড়িতেই খাবার খাওয়ার পর পর থালা বাসন ধুয়ে পরিস্কার করে রাখা হয়। কেউ কেউ আবার প্রতিবেলা খাওয়ার আগে বাসন পরিষ্কার করেন। কিন্তু যে বস্তুটা দিয়ে থালা বাসন মাজা হয় সেটার দিকে অনেকেই নজর দেন না। বরং একই স্পঞ্জ দিয়ে বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘরের স্ল্যাব, গ্যাসের ওভেন বা মসলার কৌটা পরিষ্কার করেন। দিনের পর দিন একই বস্তু দিয়ে থালা বাসন পরিষ্কার করার ফলে জীবাণু ছড়ানোর আশঙ্কা বাড়ে। এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি। 

এমনিতে বাসন মাজার স্পঞ্জ বেশির ভাগ সময়ই ভেজা থাকে এবং তার মধ্যে খাবারের ক্ষুদ্র কণা আটকে থাকে। আর্দ্রতা, উষ্ণ পরিবেশ এবং খাবারের অবশিষ্টাংশ— এই তিনের মিলিত প্রভাব ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করে। আবার দিনে বহুবার ব্যবহারের কারণে স্পঞ্জ পুরোপুরি শুকানোরও সুযোগ পায় না। ফলে এটি জীবাণু বৃদ্ধির আদর্শ পরিবেশ হয়ে ওঠে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ব্যবহৃত একটি রান্নাঘরের স্পঞ্জে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকতে পারে। মাইক্রোবায়োলজিস্টদের মতে, স্পঞ্জের অসংখ্য ছোট ছোট ছিদ্র ও স্তর বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণুর আশ্রয়স্থল হয়ে ওঠে।

বিশেষ করে কাঁচা মুরগির মাংস, মাছ, ডিম বা সব্জি রাখা বাসন পরিষ্কার করার সময় স্পঞ্জে ই-কোলাই , সালমোনেলা এবং অন্যান্য খাদ্যবাহিত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জমা হতে পারে। পরে সেই একই স্পঞ্জ যদি অন্য বাসন পরিষ্কার করতে ব্যবহার করা হয়, তাহলে জীবাণু সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় ক্রস কনট্যামিনেশন।

কত দিন পর পর বাসন মাজার স্পঞ্জ বদলাতে হয়
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি প্রতিদিন প্রচুর বাসন মাজা হয়, তাহলে  ৭ দিন দিন পর পর স্পঞ্জ বদলে ফেলা উচিত। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ৮ থেকে ১০ দিনের মধ্যে নতুন স্পঞ্জ ব্যবহার করাই ভালো। আর যেসব বাড়িতে তুলনামূলক কম বাসন মাজা হয়, সেখানেও ১৫ দিনের বেশি একই স্পঞ্জ ব্যবহার করা যেতে পারে। এছাড়া স্পঞ্জ থেকে দুর্গন্ধ বের হলে, রং বদলে গেলে, পিচ্ছিল হয়ে গেলে বা ছিঁড়ে যেতে শুরু করলে সঙ্গে সঙ্গে তা ফেলে নতুন স্পঞ্জ ব্যবহার করা উচিত।

স্পঞ্জ পাল্টানোর পাশাপাশি নিয়মিত পরিষ্কার রাখাও সমান গুরুত্বপূর্ণ। বাসন মাজার পর স্পঞ্জটি ভালো ভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। কয়েক মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে নিংড়ে শুকিয়ে নিন অথবা রোদে দিন। কখনও দীর্ঘক্ষণ ভেজা অবস্থায় স্পঞ্জ ফেলে রাখা ঠিক নয়। স্পঞ্জ যত শুকনো থাকবে, ততই ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনা কমবে। এর পাশাপাশি রান্নাঘরও থাকবে স্বাস্থ্যকর ও নিরাপদ।

আরও পড়ুন

×