টবেই ফুলকপি ফলানোর পদ্ধতি জেনে নিন
টবে ফুলকপি চাষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:০৮
প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই ফুলকপিসহ নানা ধরনের মৌসুমি সবজির সরবরাহ শুরু হয়েছে। চপ তৈরি থেকে শুরু করে নানা ধরনের পদ তৈরিতে ফুলকপির জুড়ি নেই। যারা নিজের বাড়িতে ফুলকপি ফলাতে চান তারা কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। এজন্য বড় বাগান বা জমির প্রয়োজন নেই। টবে চাষ করতে পারেন ফুলকপি।
যেভাবে ফুলকপি চাষ করবেন-
সঠিক টব আর মাটি : গাছটি ভালোভাবে বেড়ে ওঠার জন্য অন্তত ১২ থেকে ১৪ ইঞ্চি চওড়া ও গভীর টব নিন। টবের তলায় যেন পানি বের হওয়ার জন্যফুটো থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তা না হলে পানি জমে গাছের শিকড় পচে যেতে পারে। ঝুরঝুরে দোআঁশ মাটি চাষের জন্য সবচেয়ে ভালো। বাগানের সাধারণ মাটির সঙ্গে একটু পচানো জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিলেই মাটি তৈরি হয়ে যাবে।
বীজ বোনার নিয়ম : সরাসরি বড় টবে বীজ না ফেলে প্রথমে ছোট কোনও ট্রে বা বীজতলায় বীজ বুনুন। মাটি সবসময় হালকা ভিজে রাখবেন, তবে কাদা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন। চারায় যখন কয়েকটা পাতা গজাবে আর চারাটা একটু শক্ত হবে, তখন সাবধানে সেটা তুলে বড় টবে বসান। সবচেয়ে ভালো হয় যদি একটা টবে একটাই গাছ রাখেন। এতে গাছের যত্ন নিতে সুবিধা হয়।
পানি, রোদ ও সারের হিসাব : ফুলকপি বড় হওয়ার জন্য সূর্যের আলো খুব জরুরি। টবটি এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত ৪-৬ ঘণ্টা রোদ পায়। মাটির ওপরের অংশ শুকিয়ে এলে তবেই পানি দিন। খুব বেশি সার দেওয়ার প্রয়োজন নেই। গাছ একটু বড় হলে অল্প করে জৈব সার দিতে পারেন। কাঁচা গোবর বা অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া এড়িয়ে চলুন।
পোকামাকড় প্রতিরোধ : এই গাছের পাতায় প্রায়ই শুঁয়োপোকা বা ছোট পোকা ধরে। এ কারণে নিয়মিত পাতার তলার দিকটা উল্টে দেখতে হবে। পোকা দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। সূত্র: টিভিনাইন
- বিষয় :
- ফুলকপি