ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

স্বল্প খরচে নিজের যত্ন নেওয়ার উপায়

স্বল্প খরচে নিজের যত্ন নেওয়ার উপায়
×
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১৫:১১

ঘরের কাজ, কর্মক্ষেত্রে দায়িত্ব, পড়াশোনার চাপ - সব মিলিয়ে ক্লান্ত শরীর মাঝেমধ্যে বিশ্রাম চায়। নিজের সঙ্গে সময় চায়, নিজেকে সতেজ করার ইচ্ছাও জাগে ।  অনেকে নতুন করে প্রাণশক্তি ফিরে পেতে ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, কিংবা ক্লান্তি দূর করতে প্রিয় কোনো স্পা সেন্টারে সময় কাটান। কিন্তু নিজের যত্ন নেওয়ার জন্য কি সত্যিই অনেক টাকা খরচ করা প্রয়োজন? অবশ্যই, কোথাও ঘুরতে যাওয়া বা স্পা সেন্টারে ম্যাসাজ নেওয়া দারুণ বিষয়; তবে ব্যস্ত জীবন আর সীমিত বাজেটের ক্ষেত্রেও কিন্তু বিকল্প অনেক উপায় রয়েছে। নিজেকে সতেজ করতে যে অনেক টাকা খরচ করতেই হবে—এমন কোনো কথা নেই। এখানে কিছু পরামর্শ দেওয়া হলো, যা আপনি চেষ্টা করে দেখতে পারেন।

বাড়িতেই স্পা

বাড়িতেই নিজের মতো করে স্পা-এর আয়োজন করে আপনি নিজেকে সময় দিতে পারেন এবং নিজের যত্ন নিতে পারেন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসিয়াল মাস্ক কিনতে পারেন, অথবা চাইলে রান্নাঘরের সাধারণ উপকরণ ব্যবহার করেও নিজেই মাস্ক তৈরি করে নিতে পারেন। মোমবাতি জ্বালিয়ে উষ্ণ পানিতে গোসলের ব্যবস্থা করুন আর মৃদু সংগীত চালিয়ে দিন—এতে খুব বেশি খরচ না করেই আপনি দারুণ প্রশান্তি অনুভব করবেন।

প্রকৃতির সান্নিধ্যে থাকুন
আমরা অধিকাংশ সময় কম্পিউটারের সামনে বসে কিবোর্ডে টাইপ করতে থাকি, আর ঘর বা অফিসের বাইরে খুব একটা বের হই না। দিনের বেশিরভাগ সময় আমরা একঘেয়ে পরিবেশে বন্দি থাকি, যার নেতিবাচক প্রভাব স্বাস্থ্যের ওপর পড়ে। আপনি যদি সবসময় সুস্থ থাকতে চান এবং মানসিক চাপ বা এর ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকতে চান, তবে নিয়মিত বিরতি নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর অভ্যাস করুন। হাইকিংয়ে যান, গাছের নিচে বসে থাকুন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। অবশ্যই, এ সময় আপনার গ্যাজেটগুলো বন্ধ রাখতে হবে, যাতে কোনো কিছুতেই মনোযোগ নষ্ট না হয়।

প্রাপ্তবয়স্কদের জন্য কালারিং বুক ব্যবহার করুন
 প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কালারিং বই বা ছবি রঙ করার বইগুলো মনের মনোযোগকে বর্তমান সমস্যার দিক থেকে সরিয়ে রঙের ব্যবহারের দিকে নিয়ে আসার একটি চমৎকার উপায়। এটি মানসিক চাপ কমানোর দারুণ একটি মাধ্যম; পাশাপাশি, এর মাধ্যমে আপনি আপনার সৃজনশীলতাকেও বিকশিত করতে পারেন।

নতুন কোনো রেসিপি তৈরি করুন

স্বাস্থ্য ভালো রাখার আরেকটি উপায় হলো নতুন কোনো রেসিপি তৈরি করার চেষ্টা করা। রান্নাঘরে নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সবচেয়ে ভালো দিক হলো, এতে আপনার মনোযোগ কাজ বা সমস্যার পরিবর্তে রান্নার কাজে ব্যস্ত থাকবে। এটি একটি ভালো শখ হিসেবেও শুরু করা যেতে পারে।

মেডিটেশন করুন
এটি নিজের যত্ন নেওয়ার সবচেয়ে সাশ্রয়ী উপায়, কারণ শান্ত পরিবেশে বসার মতো জায়গা থাকলেই আপনি যেকোনো স্থানে এটি করতে পারেন। ধ্যান আপনাকে পেশি শিথিল করতে এবং মানসিক চাপের যে চিন্তাগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, সেগুলো দূর করতে শেখায়। শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়ার মাধ্যমে আপনি আপনার মন ও শরীরকে সতেজ ও পুনরুজ্জীবিত করে তুলতে পারেন।

নিজের যত্ন নেওয়ার জন্য সবসময় অনেক খরচের প্রয়োজন হয় না। ছোট ছোট বিষয়গুলোও আপনার স্বাস্থ্যের ওপর বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আসল কথা হলো, আপনি যা করতে ভালোবাসেন তা-ই করুন; কারণ এটি আপনাকে মানসিকভাবে অনেক ভালো বোধ করাবে। সূত্র: হেলদিবিল্ডার্জড

আরও পড়ুন

×