খুশকি দূর করতে যেভাবে বাড়িতেই বানাবেন প্রাকৃতিক শ্যাম্পু
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১৬:১২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ১৮:৩৬
শীতকাল এলেই চুলের নানা সমস্যা বাড়ে। মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়া, চুলকানি, চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি খুশকির সমস্যাও বেড়ে যায়। খুশকির সমস্যা দূর করতে অনেকেই বাজার পাওয়া বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুলের প্রাকৃতিক আর্দ্রতা আরও কমে যায়। তবে বাড়িতেই যদি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করে নেওয়া যায় তাহলে তা যেমন খরচ কমাবে তেমনি এটি শীতকালে মাথার খুশকি দূর করবে। এর পাশাপাশি মাথার ত্বক থেকে সমস্ত ময়লা পরিষ্কার করতে এবং চুলকে আরও উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। এই কারণেই রিঠা ও আমলকি দিয়ে তৈরি এই প্রাকৃতিক শ্যাম্পুর প্রচলন রয়েছে বহু যুগ ধরে।
যেভাবে তৈরি করবেন প্রাকৃতিক শ্যাম্পু
উপকরণ
শুকনো আমলকি, শুকনো রিঠা (বীজ যুক্ত), প্রয়োজন মতো পানি এবং মেথি দানা
তৈরি করার পদ্ধতি
পরিষ্কার পানিতে রিঠা আর আমলকি সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন রিঠা ও আমলকি পানিসহ কম আঁচে ১০-১৫ মিনিটের জন্য ফুটিয়ে নিন। ঠান্ডা হলে রিঠাটি হাত দিয়ে ভালভাবে পিষে নিন। যাতে এর নির্যাস এবং ফেনা পানিতে মিশে যায়। এবার মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি পরিষ্কার, বায়ুরোধী কাচের বোতলে ভরে নিন। এটি ফ্রিজে রেখে কয়েক দিন ব্যবহার করা যেতে পারে।
ব্যবহার করার পদ্ধতি
হালকা গরম পানি অথবা সাধারণ ঠান্ডা পানি দিয়ে মাথার চুল ধুয়ে, মাথার ত্বকে এটি লাগিয়ে হালকা হাতে মালিশ করা যেতে পারে। তারপর কয়েক মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই প্রাকৃতিক শ্যাম্পুটি সম্পূর্ণ রাসায়নিক মুক্ত।
- বিষয় :
- চুলের যত্ন
- শ্যাম্পু