৯ ঘণ্টা অফিস করে নিজেকে ফিট রাখবেন যেভাবে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৩:০৯
আজ এক সহকর্মীর জন্মদিন তো কাল আরেক সহকর্মীর পদোন্নতি, পরের দিন হয়তো কোন আত্মীয়ের বিয়ে। সব মিলিযে সারা সপ্তাহ বিরিয়ানি, মাংসসহ বিভিন্ন তেল জাতীয় খাবার খাওয়ার ধুম লেগেছে। খাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শরীরের মেদ। সারাদিন অফিস করে খেয়েও নিজেকে ফিট রাখতে পারেন।
বিশেষজ্ঞদের মতে যেভাবে নিজেকে ফিট রাখবেন-
অফিসে যাওয়ার যতেই তাড়া থাকুক, সকালে ভালো করে নাস্তা করে তবেই বাইরে বের হবেন। যাদের শিফটিং ডিউটি কিংবা বিকেলের দিকে অফিস তারা ভাত খেয়ে বের হবেন। ফলে সারাদিন খিদে পাওয়ার প্রবণতাও কমে যাবে অনেকটা।
অফিসে প্রতি এক ঘণ্টা অন্তর অন্তত ১০ মিনিট বিরতি নিন। পারলে অফিস করিডোরে হেঁটে আসুন। বা ফোনে কথা বলার সময় এক যায়গায় দাঁড়িয়ে কথা না বলে হেঁটে হেঁটে কথা বলুন।
অফিসের পাশের দোকানের বিরিয়ানি কিংবা চাইনিজ না খেয়ে বাসা থেকে রান্না করা খাবার খাবেন। বাসা থেকে আনা খাবার আনা ঝামেলা হলেও শরীরের জন্য ভালো। রাস্তার খাবার এড়িয়ে চলুন যতটা সম্ভব।
অফিস চেয়ারে বসেই হালকা স্ট্রেচিং করুন। মাথার হালকা ব্যায়াম করতে পারেন। এতে একভাবে বসে কাজ করার ক্লান্তি মিটবে। সহকর্মীদের সঙ্গেও টিপস শেয়ার করুন। অফিসে জিমের সুবিধা থাকলে সেখানেও যেতে পারেন।
কাজের ফাঁকে ফাঁকে হালকা খাবার বিশেষ করে চকলেট, চিপস খাওয়া অনেকেরই অভ্যাস। এসব অভ্যাস থাকলে বদলে ফেলুন। এসব খাবারের পরিবর্তে ড্রাইফ্রটস আর লো ফ্যাট কুকিজ রাখুন সঙ্গে। এবার খিদে পেলে অনায়াসে কাজ চলবে এতেই।
কাজ করতে করতে পানি খান প্রচুর পরিমাণে। তাহলে লাঞ্চে বিরিয়ানি খেলেও হজম হয়ে যাবে সহজেই।
সপ্তাহের প্রথমেই মোটামুটি একটা প্ল্যান করে নিন সারা সপ্তাহের অফিসে কী ধরনের খাবার নিয়ে যাবেন, এতে আপনার কাজও অনেকটা সহজ হবে, সময়ও বাঁচবে পাশাপাশি বজায় থাকবে ডায়েটও।
অফিস যাতায়াতের পথে হাঁটুন। ফেরার পথে পুরো রাস্তা না হলেও অন্তত দুটো স্টপেজ আগে নেমে হেঁটে বাড়ি ফিরুন। পরের দিনের বাজারটাও সেরে ফেললেন সেই ফাঁকে। অফিসের লিফট ব্যবহার কমিয়ে সিঁড়ি দিয়েই ওঠা নামা করুন। ক্যালরির অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে এতেই। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
