ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের আহ্বান ইরানি এমপির

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের আহ্বান ইরানি এমপির
×

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইসমাইল কোওসারি। ছবি: মেহর নিউজ

আলজাজিরা

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৪:৩৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী অবস্থান নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন দেশটির কট্টরপন্থী এমপি ইসমাইল কোওসারি। তিনি বলেন, আমেরিকানরা শক্তি আর ক্ষমতার ভাষা ছাড়া আর কিছুই বোঝে না।

কোওসারির বক্তব্য নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে আইআরজিসি ঘনিষ্ঠ আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। এর আগে আইআরজিসি এক বিবৃতিতে বলে, একটি দেশে অবস্থিত মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ থেকে আমেরিকানদের শিক্ষা হওয়া উচিত। 

মূলত, আইআরজিসির বিবৃতির প্রতিক্রিয়া হিসেবেই কোওসারি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য। 

আইআরজিসিরি বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার রাতে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ট্যাংকারটির ইঞ্জিন রুমের মারাত্মক ক্ষতি হয়েছে। এর জবাব দিতে আইআরজিসির নৌবাহিনী ‘পানায়া’ নামে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে। জাহাজটির মালিক হিসেবে তারা ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’র কথা উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী কেশম দ্বীপে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করেও হামলা চালায়। এর জবাবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ওই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম, যেকোনো আগ্রাসনের জবাব ভিন্ন এবং আরও কঠোরভাবে দেওয়া হবে। আমরা সে অনুযায়ীই কাজ করেছি। এই উপযুক্ত জবাব মার্কিন বাহিনীর জন্য একটি শিক্ষা হওয়া উচিত। হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।’

আরও পড়ুন

×