সোলসের সংগীতায়োজনে পার্থ ও ডিজে মারুফের ‘বোকা’
ছবি-সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৪:১৭
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনব এক আয়োজন তুলে ধরলেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক পার্থ বড়ুয়া এবং আলোচিত র্যাপার ডিজে মারুফ। প্রকাশ করলেন ‘বোকা’ শিরোনামে একটি আনকোড়া গান। মোবাইল ফোনের ওপর নির্ভরশীলতা কীভাবে আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে– তা এই গানের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করেছেন তারা। ভিডিওতে রেখেছেন ভিন্নতার ছাপ, যেখানে পার্থ বড়ুয়াকে নায়ক এবং ডিজে মারুফকে খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এ আয়োজনের পরিকল্পনার পাশাপাশি গানের কথা লিখেছেন ডিজে মারুফ। একই সঙ্গে গানের সুর ও র্যা প অংশে কণ্ঠ দিয়েছেন তিনি। সংগীতায়োজন করেছেন দেশের প্রথম সারির ব্যান্ড সোলসের সদস্যরা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। বৃহস্পতিবার একযোগে সোলস, পার্থ বড়ুয়া ও ডিজে মারুফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
পার্থ বড়ুয়া জানান, ডিজে মারুফ প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছে। তাঁর গানগুলোয় বিনোদনের পাশাপাশি সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চোখে পড়ে। ‘বোকা’ তেমনই একটি গান, যেখানে মোবাইল ফোনের অতিমাত্রার ব্যবহার কী ভয়াবহ পরিণতির দিকে আমাদের ঠেলে দিচ্ছে– তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তাই মারুফ যখন এই গানের পরিকল্পনার কথা জানিয়েছে, তখন এ নিয়ে দ্বিতীয়বার ভাবেননি।
শুধু তাই নয়, গানের সংগীতায়োজনে সোলস সদস্যদের যুক্ত করেছেন; অতীতে তা কখনোই করেননি। ভিডিওটি নির্মাণ করা হয়েছে সময়োপযোগী ভাবনা নিয়ে। কথা, সুর, সংগীতায়োজন, গায়কী, ভিডিও নির্মাণ– সব মিলিয়ে এ আয়োজন দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলবে বলেও আশা করেছেন তিনি।

‘বোকা’ গানটি নিয়ে ডিজে মারুফ বলেন, ‘আমি বরাবরই পার্থ বড়ুয়া ও সোলস ব্যান্ডের ভক্ত। তাই অনেকদিনের স্বপ্ন প্রিয় শিল্পী ও ব্যান্ডের সঙ্গে কোনো কাজের অংশীদার হওয়া। দুই যুগ লালন করা স্বপ্ন এবার সত্যি হলো ‘বোকা’ গানের মধ্য দিয়ে। গানের পরিকল্পনার কথা শোনার পরই পার্থদা নির্দ্বিধায় রাজি হয়ে গেছেন কাজটি করতে; যা আমার জন্য ছিল অন্যরকম ভালো লাগার। গানটি শ্রোতামনে ছাপ ফেললেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে।’
এদিকে গান রেকর্ডিং ও প্রকাশনার পাশাপাশি সোলস সদস্যরা এখন ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। সোলস দেশের একমাত্র ব্যান্ড, গানের ভুবনে যার পথচলার পাঁচ দশক পূর্ণ হয়েছে ২০২৩ সালে।
এ উপলক্ষে ২০২৩ সাল থেকে ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট করে যাচ্ছে দেশের প্রথম সারির এই ব্যান্ড। মৌলিক গানের পাশাপাশি সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মেঘ বলেছে যাব যাব’ গানটি গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে সোলস। অন্যদিকে ডিজে মারুফ সংগীত নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন সময়কে ছাপিয়ে যাওয়ার মতো গান তৈরিতে।
- বিষয় :
- সোলস
- পার্থ বড়ুয়া
