নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগেই বর্জ্যমুক্ত ময়মনসিংহ
শহর পরিষ্কারের কাজে ব্যস্ত পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৭:৪১
ঈদের দিন কোরবানির পশুবর্জ্য নিষ্কাশনের নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগেই ময়মনসিংহ শহরকে বর্জ্যমুক্ত করেছেন সিটি করপোরেশনের (মসিক) পরিচ্ছন্নতাকর্মীরা। শনিবার ঈদের তৃতীয় দিনেও নগরের কোথাও কোনো বর্জ্যের স্তূপ বা দুর্গন্ধ দেখা যায়নি। শহরের বর্তমান পরিচ্ছন্ন রূপে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।
এর আগে গত বুধবার পরিচ্ছন্নতা কার্যক্রমের এই বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের ঘোষণা দিয়েছিলেন মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান। ঈদের দিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া সেই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
মসিক প্রশাসক জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে কাজে উৎসাহিত করতে আলাদাভাবে ৫ হাজার টাকা করে ঈদ বোনাস দিয়েছেন।’
নগরের শম্ভুগঞ্জ এলাকায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মী মো. সবুজ বলেন, ‘ঈদের দিনে সবাই যখন আনন্দ করে, আমরা তখন ময়লা টানি। এবার আলাদা ৫ হাজার টাকা ঈদ বোনাস দেওয়ায় আমাদের কষ্ট দূর হয়ে গিয়েছিল।’
আরেক পরিচ্ছন্নতাকর্মী রাসেল মিয়া বলেন, ‘ঈদের দিন সন্ধ্যার আগেই ময়মনসিংহের রাস্তাঘাট ও ড্রেন বর্জ্যমুক্ত করতে পেরে আমাদের খুব ভালো লাগছে।’
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশুর হাটগুলো ঈদের দিন ফজরের নামাজের পরপরই পানির ও ময়লার গাড়ি দিয়ে পরিষ্কার করা হয়। এছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে ঘরে ঘরে পলিব্যাগ ও ব্লিচিং পাউডার পৌঁছে দেওয়ায় নগরবাসীও সচেতনভাবে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে করপোরেশনকে সহযোগিতা করেছেন।
শনিবার সকালে সরেজমিন নগরীর ব্রিজ মোড়, গাঙ্গিনাপাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, কলেজ রোড, চরপাড়া, মাসকান্দা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকাসহ আরও বেশ কয়েকটি স্থানে গিয়ে কোরবানির কোনো ময়লা ও রক্তের দাগ দেখা যায়নি।
- বিষয় :
- কোরবানি
- বর্জ্য ব্যবস্থাপনা
- ময়মনসিংহ
