প্রধানমন্ত্রীর প্রথম ভাষণে দিক-নির্দেশনা
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন
গোলাম রসুল
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৩:৩৬
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন। এতে তিনি আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতি দমন এবং বাজারমূল্য নিয়ন্ত্রণকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন। তিনি স্পষ্টভাবে বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী—এই দেশ আমাদের সবার। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার।” প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন, “নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যাঁরা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি, অথবা কাউকেই ভোট দেননি—এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান।” তিনি জোর দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।”
ভাষণের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল– সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাবে নয়। তিনি প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। এই সকল ঘোষণা কেবল রাজনৈতিক সৌজন্য নয়; বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এগুলো বিশেষ তাৎপর্য বহন করে। এগুলো রাজনৈতিক সংস্কৃতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। মূল প্রশ্ন হলো—এই ভাষণ কি সত্যিই বাস্তব রূপান্তরের সূচনা করবে, নাকি আবারও রাজনৈতিক প্রতিশ্রুতির পুনরাবৃত্তিতে সীমাবদ্ধ থাকবে?
২.
আইনশৃঙ্খলা, দুর্নীতি এবং বাজারমূল্য—এই তিনটি অগ্রাধিকার আসলে রাষ্ট্রের রাজনৈতিক অর্থনীতির কেন্দ্রবিন্দু। আইনশৃঙ্খলা নিশ্চিত করে রাষ্ট্রের কর্তৃত্ব, দুর্নীতি নিয়ন্ত্রণ করে সম্পদের সুষম বণ্টন, আর বাজারমূল্য সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবনে। ফলে এই তিনটি ইস্যুকে একসঙ্গে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব—নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা—কে কেন্দ্রীয় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকারের “সর্বোচ্চ উদ্যোগ” গ্রহণের ঘোষণা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।
বাজারমূল্য নিয়ন্ত্রণ বাংলাদেশের রাজনীতিতে একটি সংবেদনশীল বিষয়। খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। অতীতে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, বাজারে কারসাজি এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি। ফলে বাজার স্থিতিশীল করতে হলে কেবল অভিযান নয়, বরং কাঠামোগত সংস্কার প্রয়োজন।
৩.
ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো প্রধানমন্ত্রীর আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় একটি বড় সংকট হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থার ঘাটতি। নির্বাচন, প্রশাসন ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। প্রায়ই অভিযোগ ওঠে যে প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবের অধীন হয়ে পড়ে, ফলে তাদের সক্ষমতা ও প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়েও প্রশ্ন রয়েছে—কাগজে-কলমে স্বায়ত্তশাসন থাকলেও বাস্তবে আর্থিক ও মুদ্রানীতি প্রায়ই রাজনৈতিক বিবেচনায় প্রভাবিত হয়েছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, পুনঃপুঁজিকরণ এবং নিয়ন্ত্রক নমনীয়তার পুনরাবৃত্তি শাসনব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করে। শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে থাকে। তাই আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়ন মানে কেবল রাজনৈতিক সৌজন্য নয়, বরং রাষ্ট্রীয় আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি পুনর্গঠন।
প্রধানমন্ত্রীর ভাষণে আইনের শাসন ও সমান অধিকারের প্রতিশ্রুতি শুধু অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরা সবসময় স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং ন্যায়ভিত্তিক শাসনকে অগ্রাধিকার দেন। ফলে এই প্রতিশ্রুতি বাংলাদেশের প্রতি তাদের আস্থা বাড়াতে পারে এবং কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে।
৪.
প্রধানমন্ত্রীর ভাষণের অন্যতম শক্তিশালী অংশ হলো তাঁর অন্তর্ভুক্তিমূলক আহ্বান— “এই দেশ আমাদের সবার।” ধর্ম, মতাদর্শ ও অঞ্চল—সব বিভাজন অতিক্রম করে নাগরিকত্বকে প্রধান পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সমঅধিকার বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সূচক। অতীতে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বা ভূমি-সংক্রান্ত বিরোধের অভিযোগ উঠেছে, যা তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর “এই দেশ সবার” ঘোষণা একটি ইতিবাচক বার্তা। এটি আসলে এক ধরনের নাগরিক জাতীয়তাবাদ–এর দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত, যেখানে রাষ্ট্র নাগরিকের ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে নয়, বরং অধিকার ও সমতার ভিত্তিতে পরিচালিত হয়।
সবশেষে, প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ছিল সংক্ষিপ্ত, স্পষ্ট, আত্মবিশ্বাসী, মিতব্যয়ী ও স্পষ্ট—অতিরিক্ত অলঙ্কারহীন। জনগণের কাছে আশার বার্তা দিয়েছে। আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি যদি বাস্তবে রূপ নেয়, তবে এটি হবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন সূচনা—যেখানে ন্যায়, স্বচ্ছতা ও নাগরিকত্ব হবে রাষ্ট্রের মূল ভিত্তি। এটি একটি আস্থা পুনর্গঠনের প্রচেষ্টা, এবং একই সঙ্গে একটি প্রাতিষ্ঠানিক রূপান্তরের প্রতিশ্রুতি।
গণতান্ত্রিক বৈধতা কেবল নির্বাচনের মাধ্যমে অর্জিত হয় না; এটি টিকে থাকে নাগরিকদের আস্থার ওপর। বাংলাদেশের ক্ষেত্রে এই আস্থা ক্ষয়প্রাপ্ত হয়েছে, মূলত প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে। তাই গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের ওপর।
প্রধানমন্ত্রীর ভাষণ এই চ্যালেঞ্জকে স্বীকার করে। ব্যক্তি নয়, প্রতিষ্ঠান; ক্ষমতা নয়, নিয়ম—এই যে দৃষ্টিভঙ্গি, সেটিই গণতান্ত্রিক শাসনের ভিত্তি। এখন প্রশ্ন হলো, এই দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ নেবে কি না।
বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে নেতাদের বক্তব্যে নয়, প্রতিষ্ঠানের শক্তিতে। বর্তমান রূপান্তর সেই পথে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। এই সুযোগ কতটা কাজে লাগানো যাবে, সেটিই নির্ধারণ করবে দেশের আগামী রাজনৈতিক গতিপথ।
ড. গোলাম রসুল: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ঢাকা
[email protected]
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- ভাষণ
