‘রেহানা মরিয়ম নূর’-এর পর ‘অ্যানি’ নিয়ে বিশ্ব মঞ্চে সাদ
আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। ছবি: সংগৃগীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৮:১৩ | আপডেট: ০৬ মে ২০২৬ | ২০:২৩
পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে আবারও পর্দায় ফিরে এলেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এবার সিনেমা নয়, সিরিজ নিয়ে ফিরছেন তিনি। নাম ‘অ্যানি’।
আজ সিরিজের নাম ও প্রকাশ করে প্রযোজক এহসানুল হক বাবু জানালেন, বিশ্বের সিরিজ কেন্দ্রিক বৃহৎ উৎসব সেরিয়েনক্যাম্প ফেস্টিভালে নির্বাচিত হয়েছে ‘অ্যানি’।
তিনি জানান, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ভাবনা, চিত্রনাট্য ও নির্মাণে আমাদের নতুন প্রজেক্ট বাংলাদেশি সিরিজ ‘অ্যানি’ নির্মাণ হয়েছে। এতে কেন্দ্রেীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। তার সঙ্গে আছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে।
এহসানুল হক বাবু বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ সিরিজ কেন্দ্রিক উৎসব সেরিয়েনক্যাম্প ফেস্টিভালের ‘স্পটলাইট: উইমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘অ্যানি’। জার্মানির কোলনে আগামী ৯ জুন বিশ্বব্যাপী নির্বাচিত ২০টি সিরিজের সাথে প্রদর্শিত হতে যাচ্ছে এই সিরিজ।
‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’ জার্মানির প্রথম উৎসব, যা সম্পূর্ণভাবে সিরিজ প্রদর্শনের জন্য নিবেদিত। প্রতি বছর এই উৎসবে বিভিন্ন ঘরানার বৈশ্বিক নির্বাচিত প্রায় ২০টি সিরিজ বড় পর্দায় প্রদর্শিত হয়। ইউরোপের অন্যতম প্রভাবশালী এই সিরিজকেন্দ্রিক উৎসবটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নির্মাতা, প্রযোজক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবেও পরিচিত।

এই ডিস্টোপিয়া ঘরানার গল্পে, অ্যানি (২৭), ছোট এক শহরের নার্স, একা হাতে তার পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যায়, যখন বাইরের পৃথিবী একটি অদ্ভুত অসুখের মুখোমুখি। যে অসুখে সংক্রমিত পুরুষরা নারীদের প্রতি এক নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এমন এক “হেইট প্যান্ডেমিক”-এর গভীর রাতে, এক মুখোশধারী হামলাকারী অ্যানির ওপর নৃশংস হামলা চালায়। এই সহিংসতা অ্যানিকে বদলে দেয় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে, অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পায়, যেখান থেকে সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পায় না।
অ্যানির মতো একজন জটিল চরিত্রের চোখ দিয়ে দেখা এই গল্পটি নির্মাণধারায় একটি “চেম্বার ড্রামা”। সাদের অন্য সব কাজের মতোই এটি নারী-পুরুষ সম্পর্কের ভেতরের শাশ্বত অবিশ্বাস, অসমতা আর সহিংসতা নিয়ে প্রশ্ন তোলে।
‘সেরিয়েনক্যাম্প’ মূলত শুধুমাত্র সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল। আর ‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক অঙ্গনের এমন একটি সিরিজ-কেন্দ্রিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের কোনো সিরিজ।
এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ ছিল আবদুল্লাহ মোহাম্মাদসাদের প্রথম চলচ্চিত্র। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার জেতা এই ছবি প্রদর্শিত হয় নেদারল্যান্ডসের রটারডাম ও সুইজারল্যান্ডের লোকার্নোর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসবে।
২০২১ সালে দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করে জায়গা করে নিয়েছিলেন ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। এছাড়াও বিশ্বজুড়ে ১৫টির অধিক আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল সাদের এই নির্মাণ।
