ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লেখাপড়ার পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চাই: বর্ণিতা

লেখাপড়ার পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চাই: বর্ণিতা
×

বিদুষী বর্ণিতা। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৩:৪৮ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৩:৫১

গত মাসের শুরুতে ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মুকুট জিতেছিলেন বিদুষী বর্ণিতা। এরপর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। দীর্ঘ বিরতির পর অভিনয়ে নতুনভাবে ফেরার স্বপ্ন নিয়েই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি।

শুভাকাঙ্ক্ষীরাও অপেক্ষায় ছিলেন, কবে আবার কাজে দেখা যাবে বর্ণিতাকে। অবশেষে জানা গেল, নতুন কাজ নিয়ে ফিরছেন এই সুন্দরী। এবার ওয়েব ছবির মাধ্যমে অভিনয়ের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, ঈদের পর দুটি ওয়েব ছবির কাজ শুরু করবেন বর্ণিতা। এর মধ্যে একটি পরিচালনা করবেন তারকা নির্মাতা শিহাব শাহীন। ওয়েব ছবিটির নাম ‘জাস্ট ম্যারিড’, যা প্রচার হবে আইস্ক্রিনে। অন্য ওয়েব ছবিটি নির্মিত হবে সিএমভির ব্যানারে, যদিও এর নাম এখনও চূড়ান্ত হয়নি।

নতুন কাজ প্রসঙ্গে বর্ণিতা বলেন, ‘দর্শকের ভালোবাসাই আমাকে নতুনভাবে কাজে ফেরার সাহস জুগিয়েছে। অভিনয়ের জন্য এখন আমি পুরোপুরি প্রস্তুত। ঈদের পর ওয়েব ছবি দুটির কাজ শুরু হবে। ওটিটিতে নিজের প্রথম কাজ দিয়ে দর্শকের মন জয় করতে চাই। নতুন এই যাত্রা নিয়ে ভীষণ আনন্দময় সময় পার করছি। লেখাপড়ার পাশাপাশি অভিনয়ও নিয়মিত চালিয়ে যেতে চাই।’

বিদুষী বর্ণিতা। ছবি: ফেসবুক

বিদুষী বর্ণিতা এখন দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত নতুন মুখ। ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মুকুট জয়ের পর তাঁর জীবন যেন বদলে গেছে। বাবা মেহেবুব আলম গণমাধ্যমকর্মী এবং মা মেরী ইয়াসমিন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

ছোটবেলা থেকেই গান ও নাচের প্রশিক্ষণ নিয়েছেন বর্ণিতা। ছায়ানটে সংগীত শিক্ষা এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদের কাছে নাচ শেখার পাশাপাশি শিশুশিল্পী হিসেবে নাসির উদ্দীন ইউসুফের চলচ্চিত্র ‘গেরিলা’তেও অভিনয় করেছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার স্বপ্ন নিয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানা থেকেই রেজিস্ট্রেশন করেছিলেন তিনি। পরে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট নিজের করে নেন।

আরও পড়ুন

×