ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দেশের যে প্রান্তে যান, সেখানেই বিয়ে করেন আব্বাস, সেই ‘বোহেমিয়ান ঘোড়া-২’ আসছে

দেশের যে প্রান্তে যান, সেখানেই বিয়ে করেন আব্বাস, সেই ‘বোহেমিয়ান ঘোড়া-২’ আসছে
×

‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের একটি দৃশ্যে মোশাররফ করিম।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৬:০১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ১৬:০১

মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র দ্বিতীয় কিস্তি আসছে। ‘বোহেমিয়ান ঘোড়া ২’ নামের সিক্যুয়েলটি নির্মাণ করবেন অমিতাভ রেজা চৌধুরী ও তাঁর স্ত্রী মুশফিকা মাসুদ।

‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে মোশাররফ করিমকে দেখা যায় ট্রাকচালক আব্বাসের চরিত্রে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাক নিয়ে ছুটে বেড়ান তিনি। আর যেখানেই যান, সেখানেই বিয়ে করেন। এভাবেই গোপনে একে একে আটটি বিয়ে করেন আব্বাস। দেশের বিভিন্ন শহরে তাঁর আট সংসার। সেই আট সংসারকে ঘিরে তৈরি হওয়া নানা কৌতুক, জটিলতা ও বিপদের গল্প নিয়েই নির্মিত হয়েছিল সিরিজটি।

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। মুক্তির পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে সিরিজটি। পাশাপাশি নির্মাতা হিসেবেও নতুন করে আলোচনায় আসেন অমিতাভ রেজা।

এবার সেই আলোচিত গল্পের দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা। ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এ অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে পরিচালনায় থাকছেন মুশফিকা মাসুদ। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই। তবে সিক্যুয়েলের গল্প বা চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি।

এর আগে সংবাদমাধ্যমকে অমিতাভ জানিয়েছিলেন, দ্বিতীয় কিস্তিতে আগের শিল্পীদের অনেকেই থাকবেন। পাশাপাশি যুক্ত হবেন নতুন অভিনয়শিল্পী। বর্তমানে শিল্পীদের শিডিউল নিয়ে কাজ চলছে। আগামী ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে শুটিং।

এর আগে বিজ্ঞাপনচিত্র নির্মাণে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ। এবার সিরিজের পাশাপাশি আরও দুটি সিনেমা যৌথভাবে নির্মাণের পরিকল্পনা করেছেন তাঁরা। তবে সিনেমা দুটির বিষয়বস্তু বা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনই মুখ খুলতে চাইছেন না নির্মাতারা। জানা গেছে, আগামী বছর সিনেমা দুটির নির্মাণকাজ শুরু হতে পারে।

স্ত্রীর সঙ্গে যৌথভাবে পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘সবচেয়ে বড় সুবিধা হলো, দুটি আলাদা মনন ও অভিজ্ঞতা একই কাজে যুক্ত হচ্ছে। মুশফিকার কাছ থেকে আমি নতুন ভাবনা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি পাই, যা আমার চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করে। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে কাজ করার অভিজ্ঞতা এবং এখানকার বাস্তবতা সম্পর্কে আমার যে ধারণা, সেটি মুশফিকার কাজে সহায়ক। এই পারস্পরিক আদান-প্রদানই আমাদের একসঙ্গে কাজ করার মূল শক্তি।’

‘বোহেমিয়ান ঘোড়া’য় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন রোবায়না রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন। এবার তাঁদের মধ্যে কারা ফিরছেন এবং নতুন করে কারা যুক্ত হচ্ছেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন

×