খালেদার মুক্তির জন্য দাবি জানাতে হবে এটা অকল্পনীয়: ড. কামাল
প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছেন ড. কামাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৫৫ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০৭
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমাদের সবার অধিকার দেশে গণতন্ত্র থাকবে। দেশে এখন নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। যারা নির্বাচিত না তারা রাষ্ট্রক্ষমতাকে জবরদখল করে চালিয়ে যাচ্ছে। এখানে জনগণ বঞ্চিত।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে তার মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ড. কামাল বলেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সভা করতে হবে, দাবি জানাতে হবে এটা অকল্পনীয়।
মানুষকে বঞ্চিত করে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে এটা প্রহসন। অর্থাৎ যারা প্রহসন করে এসেছে তাদের সময় এসেছে সহজ ভাষায় বলার 'সরে দাঁড়াও'। কারণ তোমরা জনগণকে বঞ্চিত করে স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছো। এটা মানুষ আর মেনে নেবে না-যোগ করেন তিনি।
তিনি বলেন, 'এখন যারা ক্ষমতায় আছে, তাদের লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে। পদত্যাগ পদত্যাগ বললে হবে না। পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে। ওই সব ভাষায় না হলে, তাদের হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে। সত্যিকার অর্থে আমাদের দেশের মালিকের ভূমিকায় আসতে হবে।’
ঐক্যবদ্ধ আন্দোলনের কথা জানিয়ে ড. কামাল বলেন, আমি মনে করি এ ধরনের সভা না আমরা ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামবো এবং এটা অর্জন করে ছাড়বো।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী।
- বিষয় :
- ড. কামাল হোসেন
- বিএনপি
- খালেদা জিয়া
