বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় বসেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা: আইনমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক- সমকাল
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৫৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৫৭
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই জিয়াউর রহমান ক্ষমতায় গেছেন হত্যাযজ্ঞ ও বন্দুকের নলের মাধ্যমে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার। সরকার জনগণের পাশে আছে এবং জনগণের পাশে থাকবে।
তিনি বলেন, ১৯৭৩ সালে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মন্ত্রী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় যোগদান করেন এবং আগামী ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেন। এ সময় বর্ধিত সভায় কউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের নলকুপ থেকে গ্যাস উত্তোলনের স্থানটি পরিদর্শন করেন।
এ সময় আইন সচিব গোলাম সারোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, বায়েক ইউপি চেয়ারম্যান মো. আল মামুন ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আইনমন্ত্রী
- আনিসুল হক
