ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপির বিক্ষোভ
×

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর- সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২২ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫১

আগামী ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি এই বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে তার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে বিক্ষোভ করব।’

খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে প্রতিবাদ জানিয়ে এ সমাবেশ করে বিএনপি। এতে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি এবং ‘গুরুতর’ অসুস্থতার জন্য উন্নত চিকিৎসার সুযোগ দিতে মির্জা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যথায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর জন্য অবশ্যই সরকারকে কোনও একদিন জনগণের কাছে জবাব দিতে হবে।

দেশে বিচার বিভাগ রয়েছে বলে মনে হয় না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, যেখানে একজন প্রধান বিচারপতিকে বন্দুকের নল দেখিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় সঠিক রায় দেওয়ায় একজন বিচারপতিকে দেশত্যাগ করতে হয়েছে, যেখানে বিএনপি চেয়ারপারসনকে তার প্রাপ্য জামিন থেকে বছরের পর বছর বঞ্চিত করা হচ্ছে- সেখানে বিচার বিভাগ স্বাধীন হতে পারে না।

বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সহ প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলিমের পরিচালনায় সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শাসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, ফজুলর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অসুস্থতার জন্য বক্তব্য রাখতে পারেননি।

সমাবেশে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিনসহ শিরিন সুলতানা, এহছানুল হক মিলন, নিপুণ রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×