ওবায়দুল কাদেরের সঙ্গে খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে কথা হয়নি: ফখরুল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে কোনো কথা বলিনি। কি কথা হয়েছে, আপনারা (সাংবাদিক) তাকে জিজ্ঞেস করুন।
খালেদা জিয়ার যে অবস্থা তাতে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার কবরে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।
খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি আবেদন করবে কি না- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্যারোলের বিষয়টি সম্পূর্ণ পরিবারের ব্যাপার, ম্যাডামের ব্যাপার, তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।। কিন্তু খালেদা জিয়া খুব অসুস্থ। তাই মানবিক কারণে তার মুক্তি হওয়া উচিত।
তিনি বলেন, খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। সংবিধান অনুযায়ী খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মুক্তি দিচ্ছে না।
ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগের স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত।
এসময় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মীর সরাফত আলী সপু ও তাঁতী দলের নেতা আবু্ল কালাম আজাদসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিএনপি
- ফখরুল ইসলাম আলমগীর
