ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

নব্য আওয়ামী লীগাররা ভয়ংকর: নাসিম

নব্য আওয়ামী লীগাররা ভয়ংকর: নাসিম
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩১

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের চেয়েও এখন ভয়ংকর নব্য আওয়ামী লীগাররা। এসব দুর্বৃত্ত ও সুবিধাভোগীর কারণে আওয়ামী লীগের বড় বড় অনেক নেতাকে খুঁজে পাওয়া যায় না। সুবিধাভোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন ধুলায় মিশে যাবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কুমকুমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাহাড়সমান বাধা পেরিয়ে শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি যুদ্ধাপরাধী ও জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছেন। তার এসব অবদান ধুলায় মিশিয়ে দিতে চায় নব্য আওয়ামী লীগাররা।

নাসিম বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে অনুরোধ জানাব, নারী নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনুন। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করুন।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুল হক টুকু, হাবিবুর রহমান সিরাজ, শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অরুন সরকার রানা, মোতাছিম বিল্লাহ, এমএ মিজান, হাবিবুল্লাহ রিপন, রতন সরকার, বৃষ্টি রানী সরকার, রোকনউদ্দিন পাঠান, জ্যোৎস্না লিপি প্রমুখ।

'বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি জাতীয় চার নেতা' :একই দিন জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে অমর একুশের আলোচনায় মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় চার নেতা জীবনেও বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন, মরণেও ছিলেন। তারা বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি।

প্রকৌশলী হামিদুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জহুরুল ইসলাম এমপি, অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন

×