ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সাবেক হুইপ শহীদুল হক জামাল মারা গেছেন

সাবেক হুইপ শহীদুল হক জামাল মারা গেছেন
×

সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০০:৪২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। 

বুধবার বাংলাদেশ সময় রাত ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তিনি পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার বিকেলে তার মরদেহ ঢাকায় আনা হবে। মরদেহ ঢাকায় আসার পরে দাফনের সিদ্ধান্ত হবে।

ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। এরপর তিনি বরিশাল-২ ও পিরোজপুর-১ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম তোলেন। তবে ওই নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি।  

শহীদুল হক জামাল ১৯৯১ ও ২০০১ সালে দুটি নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ও দুটি জেলার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×