কারোনা আতঙ্কের মধ্যেও নির্যাতন চালাচ্ছে সরকার: ফখরুল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:১৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আতঙ্ক ও উদ্বেগে রয়েছেন দেশবাসী। এর মধ্যেও বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার। এ নির্যাতনের মাত্রার কোনো কমতি নেই, বরং আরও বেড়েছে। পছন্দের লোক দিয়ে সাজানো প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার এবং দলীয় ক্যাডারদের দিয়ে সন্ত্রাস সৃষ্টি করেই ক্ষমতা ধরে রাখার কৌশল নিয়েছে ক্ষমতাসীনরা।
বগুড়া-১ আসনের উপনির্বাচনের প্রচারে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব বলেন। নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যাওয়ার পথে বগুড়ার সারিয়াকান্দি এলাকায় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতাকর্মীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
মির্জা ফখরুল বলেন, দেশবাসী এক অত্যাচারী ও নিপীড়ক সরকারের শাসনে অসহায় হয়ে পড়েছে। জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে তারা। তিনি বলেন, সরকারের প্রশাসন ও সন্ত্রাসীরা দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা করছে। এর অংশ হিসেবে সারিয়াকান্দিতে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা হয়েছে।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বেপরোয়া ও লাগামহীন কর্মকাণ্ডে দেশবাসীর প্রতিটি মুহূর্ত কাটছে গভীর শঙ্কায়। বিএনপি মহাসচিব দেশ ও মানুষকে বাঁচাতে জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
