পুনর্বাসন ছাড়া বসতি উচ্ছেদ মানবাধিকার পরিপন্থী: ঐক্য পরিষদ নেতারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ১৬:৩২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ১৬:৩২
রাজধানীর গোপীবাগ টিটিপাড়া রেলওয়ে হরিজন ও তেলেগু সুইপার কলোনি থেকে উচ্ছেদকৃত শতাধিক পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নেতারা বলেছেন, পুনর্বাসন ছাড়া মানুষের বসতি উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট পরিপন্থী।
শুক্রবার উচ্ছেদকৃত গোপীবাগ টিটিপাড়া রেলওয়ে হরিজন ও তেলেগু সুইপার কলোনির দুর্গামন্দির চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন। এর আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা সেখানকার উচ্ছেদ পরিস্থিতি পরিদর্শন করেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্যামল কুমার রায়, পদ্মাবতী দেবী, তপন চক্রবর্তী, বাপ্পাদিত্য বসু, লক্ষ্মীকান্ত রায়, অভিজিৎ ভট্টাচার্য্য প্রমুখ। কলোনির বাসিন্দাদের মধ্যে বক্তব্য রাখেন রাজেন লাল, পারদ লাল, রাজীব দাস প্রমুখ।
নেতারা বলেন, পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের বিভিন্ন নির্মাণকাজের জন্য টিটিপাড়া রেলওয়ে হরিজন ও তেলেগু সুইপার কলোনির বাসিন্দাদের দফায় দফায় উচ্ছেদ করা হচ্ছে। ইতোমধ্যে গত চার বছরের মধ্যে প্রথম দফায় ১১২ পরিবার এবং পরে আরও ২৭ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আরও ৪০ পরিবারকে শিগগিরই উচ্ছেদ করা হবে বলে মৌখিক নোটিশে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এভাবে পুনর্বাসনের কোনো উদ্যোগ না নিয়ে উচ্ছেদ দুঃখজনক। কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মানিকনগর কালভার্ট এরিয়ার মাঠে উচ্ছেদকৃত হরিজন ও তেলেগু সুইপার পরিবারগুলোকে পুনর্বাসনের আহ্বান জানান নেতারা।
