চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ০৯:৪৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ০৯:৫৭
শনিবার সকাল পৌনে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন মির্জা আব্বাস।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফলোআপের জন্য সকালে সিঙ্গাপুরে গেছেন। সঙ্গে তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস রয়েছেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বেশ কিছু শারীরিক উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকদের পরামর্শে ও নিয়মিত হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত মে মাসে পাকস্থলীর সমস্যার কারণে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন মির্জা আব্বাস।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম তার সঙ্গে রয়েছেন।
এ ছাড়া চিকিৎসার জন্য গত কয়েক মাস ধরে সিঙ্গাপুরে আছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদও চিকিৎসাজনিত কারণে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
