গণস্বাস্থ্যের কিট গ্রহণ না করায় নিন্দা বিভিন্ন দল ও সংগঠনের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০ | ১১:০৫
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিট সরকারের কেন্দ্রীয় ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ গ্রহণ না করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।
সোমবার পৃথক বিবৃতিতে এসব দল ও সংগঠনের নেতারা বলেছেন, করোনা শনাক্তের জন্য এখন গণহারে পরীক্ষা প্রয়োজন এবং এ জন্য পর্যাপ্ত কিট দরকার। সেই সময় বাংলাদেশের গবেষকদের উদ্ভাবিত গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গ্রহণে সরকারের টালবাহনা দেশবাসীর কাছে মোটেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে না।
জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বিবৃতিতে বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কোভিড-১৯ রোগী শনাক্তকরণ কিট গ্রহণ না করার সরকারের এই সিদ্ধান্ত গণবিরোধী।
নেতারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও দুর্নীতি এতোটা আপাদমস্তক বিস্তৃত হয়েছে যে, ইতিমধ্যে তাদের সরবরাহকৃত নকল পিপিই ও এন-৯৫ মাস্কের মাধ্যমে তিন শতাধিক চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাই আমলাতান্ত্রিক টালবাহানা ত্যাগ করে অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট তৃতীয় পক্ষের মাধ্যমে পরীক্ষা ও এর সক্ষমতা নির্ণয় করে একে কোভিড-১৯ শনাক্তকরণ কাজে ব্যবহার করতে হবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আরেক বিবৃতিতে বলেন, গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের ভূয়সী প্রশংসা করছে দেশবাসী। এই কিট গ্রহণ না করার মাধ্যমে সরকারের শিক্ষা-গবেষণা নিয়ে প্রতিক্রিয়াশীল নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও পরনর্ভিরশীল মনোভাব প্রকাশ পেয়েছে। এ ঘটনা দেশীয় গবেষকদেরকে নিরুৎসায়িত করবে যা দেশের জন্য মঙ্গলকর নয়।
খালেকুজ্জামান বলেন, আইনের মারপ্যাচে কিট গ্রহণে টালবাহনা না করে যথাযথ পরীক্ষার মাধ্যমে কিটের কার্যকারীতা প্রমাণ করতে হবে। দেশের বর্তমান চাহিদা পূরণে গণস্বাস্থ্যের কিট গ্রহণ করে গণহারে করোনা শনাক্ত করার ব্যবস্থাও সরকারকেই নিতে হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল বিবৃতিতে বলেন, করোনা মহামারির সময় গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের জন্যই একটা আশা জাগানিয়া উদ্ভাবন। গণস্বাস্থ্য উদ্ভাবিত ওই টেস্টিং কিট সফলভাবে কাজ করে কি-না তার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারের উচিৎ সব দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে দ্রুততার সঙ্গে ওই কিটের বৈজ্ঞানিক ট্রায়ালের উদ্যোগ নেওয়া। কেননা গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট সফল হলে দুনিয়ার মানুষের বিশাল উপকার হবে, কিন্তু ব্যর্থ হলে কারও ক্ষতি হবে না।
- বিষয় :
- গণস্বাস্থ্য কেন্দ্র
- কিট