করোনা কাউকে করুণা করবে না: ওবায়দুল কাদের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২০ | ১০:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংক্রমণে করোনা কাউকে করুণা করবে না। কাদা ছোঁড়াছুঁড়ি না করে দেশ ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করুন। দায়িত্বশীল ভূমিকা পালন করুন। করোনা মোকাবিলায় ঐক্যই হবে মূল শক্তি।
মঙ্গলবার সংসদ ভবনের তার সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, করোনার এই সংকটকালে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, ঈদুল ফিতর উপলক্ষে মানুষ দলে দলে গ্রামমুখী হয়েছেন। যা অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। জেনেশুনে এমন ভয়ানক পরিস্থিতি তৈরি অনাকাঙ্খিত। এতে নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হবো, তেমনি আমরা আশপাশের অন্যদের জীবন ও জীবিকায় হুমকি ডেকে আনবো।
তিনি বলেন, সবাইকে আবারও অনুরোধ করবো, যারা যেখানে অবস্থানে করছেন, সেখানে থেকেই ঈদ অতিবাহিত করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্থানান্তর আপাতত বন্ধ রাখুন। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় এই দুর্যোগ কাটিয়ে উঠবো, ইনশাআল্লাহ।
ঘূর্ণিঝড় আম্পানের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, প্রাণঘাতী এই সংকটকালে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এই সাইক্লোন বুধবার বিকেল নাগাদ উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এটি সিডরের চেয়েও বিধ্বংসী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশ্রয় গ্রহণকারীদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে আশ্রয়কেন্দ্রে চিকিৎসক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় জেলার জনসাধারণকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার অনুরোধ করছি। পাশাপাশি উপকূলীয় এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদেরও মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। মানুষকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রবণতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ সংক্রমণ ও মৃত্যুর হারে ‘লার্জেস সিঙ্গেল ডে’ অতিক্রম করছে। দেশে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সোমবার আগের যেকোনো দিনের চেয়েও বেশি। যা নতুন রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে করোনা সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। তাই আসন্ন কঠিন সময় মোকাবিলায় সবার সমন্বিত ও সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও চিকিৎসায় বেসরকারি হাসপাতালে উচ্চমূল্য রাখার অভিযোগ তুলে তিনি বলেন, এমন সংকটকালে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো স্বাস্থ্যসেবায় অতি উচ্চমূল্য রাখছে বলে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। জনস্বার্থে চলমান পরিস্থিতি ও মানবিক বিবেচনায় চিকিৎসার নমুনা পরীক্ষা ও খরচ সহনীয় পর্যায়ে রাখার জন্য ক্লিনিক ও হাসপাতাল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
শ্রমিক ও গণমাধ্যম কর্মীদের বকেয়া বেতন পরিশোধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি করোনাজনিত এই সংকটে ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন গণমাধ্যমকর্মীরা। যেসব গণমাধ্যম মালিক এখনও সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেননি তাদের প্রতি অনুরোধ করছি, সাংবাদিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করুন।