ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পরিস্থিতির বদল না হলে বিক্ষোভের ধরনও পাল্টাবে: জোনায়েদ সাকি

পরিস্থিতির বদল না হলে বিক্ষোভের ধরনও পাল্টাবে: জোনায়েদ সাকি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ১১:০৬ | আপডেট: ১৬ জুন ২০২০ | ১১:৫৬

করোনা সংকট মোকাবিলায় সরকারি পদক্ষেপের কঠোর সমালোচনা করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মানুষকে রক্ষায় জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। বিনা চিকিৎসায় আর একটি মানুষেরও মৃত্যু দেখতে চাই না। আজ আমরা স্বাস্থ্যবিধি মেনে সংঘাত এড়িয়ে বিক্ষোভ করছি। কিন্তু পরিস্থিতির যদি বদল না ঘটে তাহলে বিক্ষোভের ধরনও পাল্টে যাবে। 

মঙ্গলবার গণসংহতি আন্দোলন আয়োজিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে জোনায়েদ সাকি এসব কথা বলেন। এ সময় করোনা মোকাবিলায় সাত দফা দাবি উত্থাপন করা হয়। সাত দফায় রয়েছে- বাজেটের অন্তত ২০ ভাগ স্বাস্থ্যখাতে বরাদ্দ, গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের অনুমোদন দিয়ে গণটেস্টিং-এর ব্যবস্থা, শ্রমিক এলাকায় ঘনবসতিপূর্ণ অঞ্চলে পর্যাপ্ত কোয়ারেন্টাইন/আইসোলেশনের সুবিধা তৈরি, হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা নিশ্চিত করা, সার্বজনীন স্বাস্থ্যসুবিধা বাস্তবায়নে প্রত্যেক নাগরিকের জন্য হেলথ কার্ডের ব্যবস্থা প্রভৃতি। 

এরআগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ, বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম তানিয়া, জাহিদ সুজন প্রমুখ। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশে একটি মিছিল সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করেন জোনায়েদ সাকি। 

আরও পড়ুন

×