ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশব্যাপী বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের আহ্বান আ’লীগের

দেশব্যাপী বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের আহ্বান আ’লীগের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ১১:৪৪

দেশব্যাপী বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রতিপালনে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।  

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে এমন আহ্বান জানানো হয়।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনের কৌশল নির্ধারণের আলাপ-আলোচনা করেন নেতারা। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ফোন করে দলীয় প্রধানের নির্দেশনাটি সম্পর্কে অবহিতও করেন তারা।

পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র- এই তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর প্রত্যেক নেতাকর্মীকে কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন তিনি।  

বৈঠকে সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতা এবং সারাদেশে মৃত সবার আত্মার মাগফেরাত কামনা করে দলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

আরও পড়ুন

×