আ'লীগের জাতীয় কাউন্সিলে বিদেশি অতিথি থাকছেন না
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৭:৩৮ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৭:০৪
আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না। ফলে আগের কাউন্সিলগুলোতে বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও এবার কোনও বিদেশি অতিথি থাকছেন না।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল প্রস্তুতির অভ্যর্থনা উপ-কমিটির সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী বছরই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী 'মুজিব বর্ষ' উদযাপনের বিষয় রয়েছে। সেখানে বছরজুড়ে নানা আয়োজনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। তাই দলের কাউন্সিলে আলাদা করে কোনও বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। তবে দেশেই বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ গ্রহণ এবং দলকে গতিশীল করতেই এবারের সম্মেলন। জনগণই আওয়ামী লীগের শক্তি। জনগণই দলের শক্তির উৎস। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতির কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়া জেল খাটছেন। তাদের মুখে আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা মানায় না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের ঘর থেকে দুনীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তিনি যে সাহস দেখিয়েছেন এই সাহস আর কেউ দেখাতে পারেননি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি-জামায়াত জোট দেশের মানুষের ওপর যে তাণ্ডব চালিয়েছে, অপকর্ম করেছে- তার ফলই এখন ভোগ করছে তারা। পাপের ফল ভোগ করছে তারা। পাপ বাপরেও ছাড়ে না।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের গত সম্মেলনে ৫০ জনের বেশি বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার বিদেশি অতিথিদের আমন্ত্রণ না জানানোয় সম্মেলনে তাদের কাজের চাপ অনেক কম থাকবে। তাদের মূল কাজটি হবে অতিথিদের পুরো তালিকা সঠিকভাবে মূল্যায়ন করা। দেখা যায়, অনেকে পদে ছিলেন, এখন অবসর নিয়েছেন কিংবা মারা গেছেন, কিন্তু তালিকায় নাম রয়ে গেছে। সেই তালিকাগুলো সঠিকভাবে প্রণয়ন করতে হবে।
আওয়ামী সমর্থিত বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনকে কাউন্সিলে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে তিনি বলেন, সব পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন, যারা সবসময় আন্দোলন-সংগ্রামে সহযোগী হিসেবে থাকে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে থাকেন- সেসব সংগঠনের নেতৃস্থানীয়দের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম-ঠিকানাসংবলিত সঠিক তালিকাও করা হচ্ছে। সব মিলিয়ে আমিন্ত্রত অতিথিদের একটি পূর্ণাঙ্গ তালিকা করাকে গুরুত্ব দিচ্ছেন তার।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের
আন্তর্জাতিক বিষয় সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার
বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম,
অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার, ঢাকা
মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
- বিষয় :
- আওয়ামী লীগ
- আওয়ামী লীগের সম্মেলন
- রাজনীতি