ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কয়েকটি দলের জেদ ও ভুলে নির্বাচন হুমকিতে পড়তে পারে: এবি পার্টি 

কয়েকটি দলের জেদ ও ভুলে নির্বাচন হুমকিতে পড়তে পারে: এবি পার্টি 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০১:১৯

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক অনড় অবস্থানের কারণে আগামী নির্বাচন হুমকিতে পড়তে পারে বলে জানিয়েছে এবি পার্টি। বিএনপি এবং জামায়াতের প্রতি ইঙ্গিত করে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, কয়েকটি দলের অনমনীয় জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়তে পারে।
 
রোববার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয় এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের বিশেষ সভায় তিনি এ কথা বলেছেন। সভায় জুলাই সনদ বাস্তবায়নে দলের কর্মনীতি নির্ধারণ, জাতীয় নির্বাচন প্রস্তুতি ও জোট গঠন বিষয়ে আলোচনা হয়।
 
মজিবুর রহমান মঞ্জুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য। কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছুড়িতে সহাবস্থানের পরিবেশ নষ্ট হচ্ছে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পদক্ষেপ অস্পষ্ট। 

প্রধান উপদেষ্টাকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মঞ্জু বলেছেন, জুলাই সনদ ঐকমত্য হওয়ার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নানা মত তৈরি হওয়া দুঃখজনক। নির্বাচনের পূর্বেই সনদের বাস্তবায়ন হওয়া উচিত। 

সভায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে উপস্থিত ছিলেন- এবি পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ  নির্বাহী পরিষদ সদস্যরা। 

আরও পড়ুন

×