শেষ হলো সিপিবির কংগ্রেস, ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৩৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:১০
সাংগঠনিক মূল্যায়ন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ জাতীয় কংগ্রেস। রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে চারদিনের কংগ্রেসের শেষদিন সোমবার মধ্যরাতে দলের ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ও সাত সদস্যের কন্ট্রোল কমিটি নির্বাচন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানেই নির্বাচিত হবেন সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রেসিডিয়াম, সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা। যারা আগামী চারবছর দেশের ঐতিহ্যবাহী বামপন্থি দলটির নেতৃত্ব দেবেন। একইসঙ্গে আজই দলের নতুন জাতীয় পরিষদ সদস্যদের নামও ঘোষণা করা হবে।
সোমবার দুপুরে কংগ্রেসের শেষদিনের শেষ সাংগঠনিক তথা নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য ডা. দিবালোক সিংহ। এমদাদুল হক মিল্লাতের পরিচালনায় এই অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচনে সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা প্রত্যক্ষ ভোট দেন। বিকেল চারটা থেকে ভোট গণনা শুরু করে শেষ হয় রাত ১২টায়। পরে রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় কমিটির নির্বাচিত ৪৩ জন এবং কন্ট্রোল কমিশনের সাতজনের নাম ঘোষণা করা হয়। এরপর সমাপনী ভাষণ ও সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।
ত্রয়োদশ কংগ্রেসে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৪৩ জন হচ্ছেন- (ভোটপ্রাপ্তির ক্রমানুসারে) মুজাহিদুল ইসলাম সেলিম, কাজি সাজ্জাদ জহির চন্দন, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, মনোজ দাস, রফিকুজ্জামান লায়েক, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, আব্দুল্লাহ ক্কাফি রতন, নিমাই গাঙ্গুলী, অনিরুদ্ধ দাস অঞ্জন, রাগীব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, অধ্যাপক এম এম আকাশ, আবিদ হোসেন, মিহির ঘোষ, ডা. দিবালোক সিংহ, সাদেকুর রহমান শামীম, রুহিন হোসেন প্রিন্স, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মো. কিবরিয়া, মোহাম্মদ শাহ আলম, সুব্রতা রায়, এস এ রশিদ, শাহিন রহমান, লুনা নূর, মানবেন্দ্র দেব, আনোয়ার হোসেন রেজা, মঞ্জুর মঈন, মহসীন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ফরিদ, ফজলুর রহমান, এস এম শহিদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী, সাজেদুল হক রুবেল, রুহুল আমিন এবং সাজেদুল ইসলাম।
এদিকে, সোমবার সকাল থেকে বিভিন্ন সাংগঠনিক অধিবেশনে দলীয় গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব এবং ক্রেডেনশিয়াল, অডিট কমিটি ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। এর আগেই দলের কেন্দ্রীয় কমিটির রিপোর্ট ও কংগ্রেসের দলিল তথা রাজনৈতিক প্রস্তাবও অনুমোদন করা হয়েছিল।
ত্রয়োদশ কংগ্রেস প্রস্তুতি পরিষদের মিডিয়া উপ-পরিষদের আহ্বায়ক লাকী আক্তার জানান, বুধবার কেন্দ্রীয় কমিটির সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি, দলের প্রেসিডিয়াম সদস্য এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
গত শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় চারদিনের কংগ্রেসের কার্যক্রম। এরপর বিএমএ মিলনায়তনে পরের তিনদিন চলা সাংগঠনিক অধিবেশনগুলোতে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক বৈষম্য, রাষ্ট্রের দমনমূলক নীতির বিরুদ্ধে সংগ্রাম এবং বামপন্থি শক্তিকে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সারাদেশে দলের ৫২৫ জন প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক কংগ্রেসে অংশ নিয়েছেন।
