ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
×

অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ১২:১৯

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০২৪ সালের ৫ অক্টোবর তাঁর মৃত্যু হয়। 

‘ডা. বি. চৌধুরী’ নামে পরিচিত এই রাজনীতিবিদের জন্ম ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে। ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন তিনি। বি. চৌধুরী ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন। তিনি দলটির প্রথম মহাসচিব।

মুন্সীগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দুইবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন বি. চৌধুরী। তিনি ১৯৭৯ সালে জিয়াউর রহমান সরকারের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন।

বি. চৌধুরী ২০০১ সালে দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে বিএনপির সঙ্গে রাজনৈতিক বিরোধের জের ধরে ২০০২ সালে রাষ্ট্রপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। 

বি. চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×