জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংশোধনের দাবি সাইফুল হকের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ২১:৫৭
জাতীয় জুলাই সনদের বাস্তবায়ন-সংক্রান্ত আদেশ সংশোধনের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে গণভোটে যাওয়া উচিত হবে না। যেগুলোতে একমত হয়েছে, সেগুলোতে জনগণের মতামত নেওয়া যেতে পারে। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে বিপদ ডেকে আনতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন এই রাজনীতিবিদ।
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন-সংক্রান্ত আদেশ সংশোধন করতে হবে। জুলাই সনদকে নিয়ে ঝুঁকির মধ্যে যাওয়ার সুযোগ নেই। এমনকি তা ভবিষ্যতে সাংবিধানিক বিপর্যয় ডেকে আনতে পারে। গণভোটের জন্য উত্থাপিত বিষয়ের ওপর একটি শব্দে মতামত দেওয়া অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ।’
বিপ্লবী ওয়াকার্স পার্টির নেতা বলেন, গণভোটের জন্য যে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে, এসব বিষয়ের ওপর কেবল একটি উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। যারা কিছু বিষয়ে ‘হ্যাঁ’ বা কিছু বিষয়ে ‘না’ বলতে চান, তাদের জন্য বিকল্প কী? যদি গণভোটে ‘না’ জয়যুক্ত হয়, তখন কী হবে? জুলাই সনদকে এ ধরনের ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া আত্মঘাতী হবে।
সংবিধান সংশোধনের যেসব বিষয়ে দলের মতৈক্য রয়েছে, কেবল সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাকি বিষয় পরবর্তী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়া জরুরি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, ঢাকা মহানগর নেতা সালাউদ্দিন প্রমুখ।
