জামায়াত ক্ষমতায় গেলে নারীর অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে: সহকারী সেক্রেটারি জেনারেল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৪:৫৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪২
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, ‘জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সকলের অধিকার নিশ্চিত করবো এবং নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেবো।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল হালিম বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি। কিন্তু, তার আইনি স্বীকৃতি হচ্ছে না। এজন্য গণভোট অপরিহার্য..এবং আমরা চাই তা জাতীয় নির্বাচনের আগেই হোক এবং নির্বাচন ফেব্রুয়ারীর মধ্যেই হতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলাম শব্দটা যুক্ত থাকার ফলে অনেকে মনে করেন যে, অধিকার সীমাবদ্ধ হয়ে যাবে। ইসলাম নারী অধিকারে বিশ্বাস করে। এটা ঠিক যে আমরা ইসলামী নিয়মকানুন প্রতিষ্ঠা করার কথা বলে থাকি। কেন বলি? কারণ ইসলামী নিয়ম কানুন প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের নাগরিক অধিকার, তার সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে পারবে।’
আব্দুল হালিম আরও বলেন, ‘জামায়াতের আমির বলেছেন— আমি আমার দেশের নাগরিকদের দুই ভাগে ভাগ করতে চাই না। অর্থাৎ সংখ্যালঘু-সংখ্যাগুরু এসব কিছুই থাকবে না। কারণ জামায়াত ইসলাম এ তত্ত্বে বিশ্বাস করে না। সুতরাং জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সকলের অধিকার নিশ্চিত করবো। আমরা নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেবো।’
‘আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আসুন সবাই মিলে আমরা সম্প্রীতির রাজনীতি শুরু করি।’—যোগ করেন তিনি।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য ফারুক মিয়া, সেলিম পারভেজ, আবুল বাশার প্রমুখ।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- নারীর অধিকার
- আব্দুল হালিম
