দুই উপদেষ্টার পদত্যাগ: মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পাচ্ছেন কারা
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ১৮:১৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ | ১৮:২৭
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।
আজ বৃহস্পতিবার তপশিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হওয়ার কথা।
মাহফুজ আলমের পদত্যাগে তাঁর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। এক উপদেষ্টা সমকালকে এ তথ্য জানিয়ে বলেছেন, দুই-এক দিনের মধ্যে উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করবেন প্রধান উপদেষ্টা।
আসিফ মাহমুদের পদত্যাগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অবকাঠামো বিষয়ক দীর্ঘ অভিজ্ঞতার কারণে সড়ক পরিবহনসহ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মুহাম্মদ ফাওজুল কবির খানকে স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়ার আলোচনা ছিল। তবে তিনি রাজি হননি বলে জানিয়েছেন একাধিক উপদেষ্টা। দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় বাড়তি কাজে রাজি ছিলেন না আদিলুর রহমানও। তবে তিনি প্রধান উপদেষ্টার নির্দেশে সম্মত হয়েছেন।
আসিফ মাহমুদের পদত্যাগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও খালি হচ্ছে। এ মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন উপদেষ্টা জানিয়েছেন, ড. আসিফ নজরুলকে এ দায়িত্ব দেওয়া হতে পারে।
