বিশ্বাসযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫৮
একটি বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সূচনা হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি নির্বাচনে বিশাল বিজয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন অধ্যায় সূচিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশে উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিসর আরও সম্প্রসারিত হবে।
বিবৃতিতে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সাইফুল হক বলেন, সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেবেন—এমনটাই প্রত্যাশা। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয়। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ নির্বাচন ও গঠিত সংসদ সংস্কারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণকারী সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণ নিয়মিত জবাবদিহিতার মাধ্যমে সরকার ও জাতীয় সংসদকে দায়িত্বশীল রাখতে ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।
ঢাকা-১২ আসনে নির্বাচনী ফলাফল প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানায়, নানা অসংগতি ও সমালোচনা থাকলেও তারা ফলাফল মেনে নিয়েছে। দলটির দাবি, কোদাল প্রতীকের এজেন্টদের কক্ষে প্রবেশে বাধা, জাল ভোট এবং ভোট গণনায় অসঙ্গতির অভিযোগ ছিল। এরপরও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে ফলাফল গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
দলটি ঢাকা-১২ আসনের প্রায় ৩১ হাজার ভোটারসহ দেশের সাতটি নির্বাচনী এলাকায় কোদাল প্রতীকে ভোট দেওয়া সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনে কালো টাকার প্রভাব ও বিভিন্ন ত্রুটির অভিযোগের কথাও উল্লেখ করা হয়। তবে সামগ্রিকভাবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
