সাইফুল হক বললেন
জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ২২:৫১
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে। ১৮০ দিনের মধ্যে সরকারকে অবশ্যই জনপ্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অগ্রাধিকার নির্দিষ্ট করে সরকারকে সে লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার রাজধানীর তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে সাইফুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারকে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না।
তিনি বলেন, স্বার্থান্বেষী কোনো স্বার্থের কাছে সরকার হেলে পড়তে পারে না। সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, ক্ষমতার অপব্যবহার ও দখলদারিত্বের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে তাঁকে কোদাল প্রতীকে ভোট দিয়েছেন, নির্বাচন সক্রিয় ভূমিকা পালন ও সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাইফুল হক।
তিনি বলেন, বেশুমার কালো টাকা, পেশিশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন, ভোটের ইঞ্জিনিয়ারিং এবং ধর্মানুভূতির রাজনৈতিক ব্যবহারের কারণে তিনি নির্বাচনে জিততে পারেননি। তবে ঢাকা-১২ এর জনগণের পাশে থাকবেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী, বিএনপি নেতা সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, শাহ আলম, এল রহমান, মনিরুল ইসলাম রাহেমী, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু, তাসলিমা রীতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, ফিরোজ আলী প্রমুখ।
- বিষয় :
- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
- সাইফুল হক
