৯ বারের এমপি ছিলেন তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৭:০৪ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৮:৪১
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার জামাতা ও সাবেক এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। ১৯৭০ সালে তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজ জেলা ভোলা থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন তিনি। সব মিলিয়ে তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালের ২৩ জুন তিনি শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০১৩-১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে বাণিজ্যমন্ত্রী ছিলেন। রাজনৈতিক কারণে ১৯৭৫ সাল থেকে টানা ৩৩ মাস এবং তার পর অনেকবার কারাভোগ করেন এই নেতা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখেন তিনি।
- বিষয় :
- তোফায়েল আহমেদ
- আওয়ামী লীগ
- রাজনীতিবিদ
