বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২২:৫২
বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১৪ জুন পালিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সমাবেশ ও র্যালি।
দলটির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেবেন। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা জানান, ২০০৪ সালে তৎকালীন ওয়ার্কার্স পার্টির নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের প্রেক্ষাপটে সাইফুল হকের নেতৃত্বে দলের একাংশ পৃথক হয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গঠন করে।
দলটি ২০০৮ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে এবং একই বছর কোদাল প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ২০১৪ সালের নির্বাচন বর্জন করলেও ২০১৮ সালে পুনরায় নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়। সে সময় বাম প্রগতিশীল ধারার আরও কয়েকটি দলও কোদাল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে।
রাজনৈতিক ইতিহাসে গণতান্ত্রিক ও বামপন্থি শক্তির ঐক্য গঠনের বিভিন্ন উদ্যোগে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০০৭ সালে গণতান্ত্রিক বাম মোর্চা এবং ২০১৮ সালে বাম গণতান্ত্রিক জোট গঠনে দলটির সক্রিয় ভূমিকা ছিল। এছাড়া ২০২২ সালে গণতন্ত্র মঞ্চ গঠনের ক্ষেত্রেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দলটির নেতারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও প্রগতিশীল রাজনৈতিক ধারা শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।
- বিষয় :
- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
