ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

১১ দলীয় ঐক্যের সমাবেশ

‘আ’ লীগের বিচার না হলে সরকার ৫ বছর টিকবে না’

‘আ’ লীগের বিচার না হলে সরকার ৫ বছর টিকবে না’
×

১১ দলীয় ঐক্যের সমাবেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২২:৩৫ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ২২:৪০

জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগ আমলে সংঘটিত আলোচিত অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তারা অভিযোগ করেছে, ক্ষমতায় আসার আগে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও বিএনপি এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের তিন রাস্তার মোড়ে সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে বর্তমান সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। নেতারা বলেন, ‘বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন।’

‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে’ এ সমাবেশ হয়। বেলা ৩টা থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশ ঘিরে বিজয়নগর থেকে কাকরাইলমুখী সড়ক এবং কালভার্ট রোডের একটি অংশে যান চলাচল সীমিত হয়ে পড়ে। সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সাড়ে ১৭ বছরের শাসনের অবসানের পর মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। ক্ষমতায় আসার আগে যারা গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তাদের অবস্থান বদলে গেছে। তিনি বলেন, বিচার তো হচ্ছেই না, বরং গত চার মাসে ৬০০ জনেরও বেশি খুন হয়েছে। নিজেদের কর্মীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ২০ কোটি মানুষের প্রতি দায়বদ্ধতা কতটুকু, সেটি নিয়ে প্রশ্ন ওঠে।

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বাড়ছে এবং দেশ আবারও একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।

সমাবেশে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে। সমঝোতা করে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। এর পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। বিচার না করলে বিএনপি সরকার পাঁচ বছরও টিকতে পারবে না। 

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবি করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন, ঢাকা মহানগর জামায়াত দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

আরও পড়ুন

×