হাম-ডেঙ্গু প্রতিরোধে টিকাদান বৃদ্ধিসহ স্বাস্থ্য সুরক্ষা আইন চায় এবি পার্টি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ২২:১৯
ডেঙ্গু ও হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার, হাসপাতালের জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, চিকিৎসাসেবায় জবাবদিহি নিশ্চিত করা এবং রোগের প্রাদুর্ভাবের আগেই কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টি ডক্টরস আয়োজিত ‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ওহাব মিনার বলেন, হাম ও রুবেলার টিকাদানে ঘাটতি এবং সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি বেড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালে হাম-রুবেলার (এমআর) টিকার আওতা ৯২ শতাংশ থাকলেও ২০২৪-২৫ সালে তা কমে ৫৯ শতাংশে দাঁড়ায়। টিকা সংগ্রহ ও বিতরণে অব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রমে বিঘ্ন এবং সময়মতো ক্যাচ-আপ ক্যাম্পেইন না হওয়াকে এ সংকটের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে যাচাই, নির্মাণাধীন ভবন ও ড্রেনে জমে থাকা পানি অপসারণ এবং রোগের মৌসুম শুরুর আগেই প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন ওহাব মিনার। এ সময় প্রতি শুক্রবার অন্তত ১০ মিনিট বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার এবং শিশুদের বয়স অনুযায়ী টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, ডেঙ্গু ও হাম মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগ কার্যকর রাখতে হবে। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করে টিকার আওতা অন্তত ৯৫ শতাংশে উন্নীত করার ওপর গুরুত্ব দেন তিনি। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, হাসপাতালের ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি এবং চিকিৎসক-নার্সের সংকট যথাযথ চিকিৎসাসেবায় বাধা সৃষ্টি করছে। ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল বা পৃথক চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তিনি। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, স্বাস্থ্য খাতের সংকটকে শুধু চিকিৎসকদের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। হাসপাতালের অবকাঠামো, পরিবেশ, জনবল ও ব্যবস্থাপনার দায় রাষ্ট্রেরও রয়েছে। হামের টিকাদান কার্যক্রমে বিঘ্নের কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি।
ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আবদুল আহাদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনসহ অন্য বক্তারা স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়মের তদন্ত, চিকিৎসাসেবায় জবাবদিহি এবং মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা যাচাইয়ের আহ্বান জানান। তাঁরা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার, চিকিৎসক, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় এবি পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- হাম
- ডেঙ্গু
- এবি পার্টি