শ্রমমন্ত্রীর পদত্যাগসহ তিন দিনের মধ্যে মজুরি বৃদ্ধির দাবি শ্রমিক শক্তির
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০১:৪৫
মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি’। শ্রমমন্ত্রীর পদত্যাগ এবং তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে।
মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সংগঠনটির নেতারা। এতে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল হান্নান মাসউদ এমপি, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মাজহারুল ফকির বলেন, বিএনপি সরকার ৯ মাস আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, তাদের সঙ্গে ঝুট ব্যবসার ভাগবাটোয়ারা করেছে। আর এখন শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ খুঁজছে। শ্রমিকদের স্বতস্ফুর্ত আন্দোলনে আওয়ামী লীগের অনুপ্রবেশের দায় সরকারের।
আবদুল হান্নান মাসউদ বলেন, মজুরিবোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেরদের লোক বসানো হয়েছে। শ্রমিকরা মানছে না। সরকারের অপরিপক্ক সিদ্ধান্তের কারণে আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে। শিল্প রক্ষার স্বার্থেই বাজারের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে। বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ধরনের দমনপীড়ন অব্যাহত থাকলে সাধারণ শ্রমিকদের এই আন্দোলন আরও বৃহত্তর ও ভিন্ন রূপ নিতে পারে।
- বিষয় :
- বেতন বৃদ্ধির দাবি