ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের উস্কানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী

আওয়ামী লীগের উস্কানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী
×
×

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৯:৩৫

পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে। সমস্যার সমাধানও হয়েছে। কিন্তু দাবি মেনে নেওয়ার পরও কারখানা ভাঙচুর, পুলিশ বক্সে আগুন দেওয়া, গাড়িতে অগ্নিসংযোগ ও একজন শ্রমিককে পিটিয়ে হত্যার মতো যে সহিংসতার ঘটনা ঘটছে—তার সঙ্গে প্রকৃত শ্রমিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে জড়িত ও উস্কানি দেওয়ার অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের নেতা। এমনকি যেসব কারখানার মালিক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের পরিচয়ও ধীরে ধীরে সামনে আসছে।

পোশাকখাতের বিশৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তুলে রিজভী বলেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করে পরাজিত শক্তি কি আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়? নাকি বিরোধী মত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে?

রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না করতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগুনে ঘি ঢেলে উত্তেজনা সৃষ্টির উস্কানি শেষ পর্যন্ত সব পক্ষের জন্যই ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

×