ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

দেশে আওয়ামী অর্থনীতি চালু করেছে সরকার: আমীর খসরু

দেশে আওয়ামী অর্থনীতি চালু করেছে সরকার: আমীর খসরু
×

আমীর খসরু মাহমুদ চৌধুরী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০৬:১৪ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৫:০৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে মুক্তবাজার অর্থনীতির পরিবর্তে সরকার এখন 'আওয়ামী অর্থনীতি' চালু করেছে। প্রতিটি জায়গায় রাজনীতিকরণ করায় একটি ব্যবসায়িক গোষ্ঠী এর সুযোগ নিচ্ছে। এই ব্যবসায়িক গোষ্ঠী হচ্ছে- আওয়ামী ব্যবসায়িক গোষ্ঠী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশে পেঁয়াজ, লবণসহ সব কিছুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে- এটা হচ্ছে আওয়ামী অর্থনীতির প্রতিফলন। সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তারাই বাজার নিয়ন্ত্রণ করছে। তাহলে তাদেরকে কে নিয়ন্ত্রণ করবে? এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দ্র্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে না।

মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার বিষয়টি তুলে ধরে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের ক্রয়ক্ষমতা ইতোমধ্যে কমে গেছে। আজ থেকে ১০ বছর আগে মানুষের যে ক্রয়ক্ষমতা ছিল, যে প্রকৃত আয় ছিল তা কমে গেছে। তার ওপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা মানুষের, বিশেষ করে গরীব-নিম্নবিত্ত মানুষের প্রকৃত আয়কে আরো কমিয়ে দিচ্ছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না, সংবাদপত্র লিখতে পারছে না। একটা ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে তারা দেশটাকে নিয়ন্ত্রণ করছে।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম ওবায়দুল ইসলাম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×