শুধু শাসক নয়, শাসন ব্যবস্থাও বদলাতে হবে: আ স ম রব
আ স ম আবদুর রব- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৮:৫৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০৯:১৪
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এবার শুধু শাসক নয়, শাসন ব্যবস্থাও বদলাতে হবে। বিদ্যমান শাসন ব্যবস্থায় যে-ই ক্ষমতায় যায়, সে-ই স্বৈরাচারী হয়ে ওঠে। সংবিধান বলবৎ থাকা অবস্থাতেই একদলীয় শাসন প্রবর্তন করা যায়, সামরিক শাসন জারি করা যায়, রাতে ভোট ডাকাতিও করা যায়।
বুধবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে জেলা জেএসডির ত্রিবার্ষিক কাউন্সিলের উন্মুক্ত অধিবেশনে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেএসডির সহসভাপতি তানিয়া রব। শুভেচ্ছা বক্তব্য দেন নাগরিক ঐক্যের নোয়াখালী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কাশেম। কাউন্সিলে অ্যাডভোকেট কাউছার নিয়াজীকে সভাপতি ও আমির হোসেন বিএসসিকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা কমিটি গঠন করা হয়। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আ স ম রব বলেন, দেশে এখন সংবিধান অহরহ লঙ্ঘন করেও রাষ্ট্রীয় ক্ষমতায় অবস্থান করা যায়। সংবিধান কোনো অগণতান্ত্রিক শক্তিকে প্রতিরোধ করতে পারে না। বাহাত্তরের সংবিধান এত কাঁটাছেড়া হয়েছে যে, এতে এখন আর কোনো রাজনৈতিক নির্দেশনা নেই। সুতরাং শাসক বদলের সঙ্গে সংবিধান বদলের রাজনীতিকেও সম্পৃক্ত করতে হবে।
নোয়াখালী জেলা জেএসডির সভাপতি এমএ জলিল চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার নিয়াজীর সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেএসডি নেতা এসএম রানা চৌধুরী, আনোয়ারুল কবির মানিক, আবুল কাশেম পাটোয়ারী, নুর রহমান চেয়ারম্যান, যুবপরিষদ নেতা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মিঠু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সমন্বয়ক তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।
