ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

চেয়ার ছোড়াছুড়ি দিয়ে চট্টগ্রামে আ’লীগের সম্মেলন শুরু

চেয়ার ছোড়াছুড়ি দিয়ে চট্টগ্রামে আ’লীগের সম্মেলন শুরু
×

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০২:২০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৫

সামনের সারিতে বসা নিয়ে চট্টগ্রামে সম্মেলন শুরুর আগে উত্তর জেলা আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার সকালে নগরীর লালদীঘি মাঠে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে সম্মেলন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে লালদীঘি মাঠে আসতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের অনুসারী ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমানের অনুসারীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

সামনের সারিতে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তেমন বড় কিছু ঘটেনি।

বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সম্মেলন উদ্বোধন করেন।

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত আছেন।

লালদীঘি মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের পর বিকেলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×