ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ফের বিএনপির এমপিদের পদত্যাগ চাইলেন গয়েশ্বর

ফের বিএনপির এমপিদের পদত্যাগ চাইলেন গয়েশ্বর
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৩

একাদশ সংসদ থেকে দলীয় এমপিদের আবারো পদত্যাগ চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এর আগেও তিনি একাধিকবার সংসদ থেকে দলের এমপিদের পদত্যাগ করার জন্য বলেছেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৯ ডিসেম্বরের অবৈধ ফসলই আজকের জাতীয় সংসদ। রাজনৈতিক কৌশলগত কারণে যদি তারা সংসদে যোগ দিয়ে থাকেন, তাহলে আজকে তাদের সর্বপ্রথম দায়িত্ব সংসদ থেকে পদত্যাগ করে জনগণের আন্দোলনে, সরকার পতনের আন্দোলনে যুক্ত হওয়া।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে 'আর কতকাল বন্দি থাকবে খালেদা জিয়া, নির্দয়ভাবে কত মরবে রুবায়েত শারমিন রুম্পারা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন।

সরকারের দমন-পীড়নের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ঘরে ঘরে আজকে পরিবর্তনের আওয়াজ উঠেছে। সুষ্ঠু চেতনাবোধ মানুষের দিকে তাকালে অনুমান করা যাচ্ছে- সবাই আশাবাদী একটা পরিবর্তন হবে, পরিবর্তন অনিবার্য হয়ে পড়েছে। সেই পরিবর্তন সরকার কিভাবে আটকাবে। 

তিনি বলেন, আজকে প্রশ্ন খালেদা জিয়া কতকাল কারাবন্দি থাকবেন। না, দীর্ঘকাল নয়। আজকে যারা ভাবেন যে, খালেদা জিয়াকে কারাবন্দি রেখে দীর্ঘ মেয়াদে সরকার পরিচালনা করে গণতন্ত্রকে নৃশংস রূপে হত্যা করে ক্ষমতায় তারা ভুল জায়গায় আছেন।

তিনি বলেন, কখন কোন অজ্ঞাত জায়গা থেকে কে ডাক দেবে তার পরিচয় কেউ জানতে চাইবে না। কারণ পরিবর্তনের ডাক যিনি দেবেন তিনি আগামী দিনে রাজপথের নেতা হবে। খালেদা জিয়া কারাগারে থাকলেও সরকারের পতন অনিবার্য।

ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×